নিরাপত্তা ব্যবস্থাপনার কাজ পেল রেডলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের কাজ দেওয়া হয়েছে যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান রেডলাইন অ্যাসিউরড সিকিউরিটিকে। গতকাল রোববার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতিষ্ঠানটিকে দুই বছরের জন্য বিমানবন্দরের কাজে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরামর্শক সেবার জন্য দুই বছরে রেডলাইনকে ৭৩ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া দুই বছরের জন্য কাজ দেওয়া হলেও ছয় মাস পরপর তাদের কাজের মূল্যায়ন করা হবে। আশা করছি আগামীকালের (আজ) মধ্যে রেডলাইনের সঙ্গে চুক্তি সই হবে, যাতে করে প্রতিষ্ঠানটি এ সপ্তাহের মধ্যে কাজ বুঝে নিতে পারে।’
রাশেদ খান মেনন বলেন, পরামর্শক ও তত্ত্বাবধানের কাজে ১৫ জন এবং পরিচালনার কাজে (অপারেশন) ১৪ জন রেডলাইনের পক্ষে কাজ করবেন। তিনি বলেন, রেডলাইন অ্যাসিউরড সিকিউরিটি যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যের বাইরে অনেক দেশে এ ধরনের পরামর্শক সেবার সঙ্গে যুক্ত আছে।
এদিকে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নয়ন, জনবলের প্রশিক্ষণ ও যন্ত্রপাতির যথাযথ ব্যবহারের মাধ্যমে টেকসই নিরাপত্তা নিশ্চিত এবং বাংলাদেশ থেকে সরাসরি কার্গোতে পণ্য পরিবহনে যুক্তরাজ্য আরোপিত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। রাশেদ খান মেননের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের দেওয়া প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।