নিরাপত্তা ব্যবস্থাপনার কাজ পেল রেডলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের কাজ দেওয়া হয়েছে যুক্তরাজ্যের বেসরকারি প্রতিষ্ঠান রেডলাইন অ্যাসিউরড সিকিউরিটিকে। গতকাল রোববার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতিষ্ঠানটিকে দুই বছরের জন্য বিমানবন্দরের কাজে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরামর্শক সেবার জন্য দুই বছরে রেডলাইনকে ৭৩ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া দুই বছরের জন্য কাজ দেওয়া হলেও ছয় মাস পরপর তাদের কাজের মূল্যায়ন করা হবে। আশা করছি আগামীকালের (আজ) মধ্যে রেডলাইনের সঙ্গে চুক্তি সই হবে, যাতে করে প্রতিষ্ঠানটি এ সপ্তাহের মধ্যে কাজ বুঝে নিতে পারে।’
রাশেদ খান মেনন বলেন, পরামর্শক ও তত্ত্বাবধানের কাজে ১৫ জন এবং পরিচালনার কাজে (অপারেশন) ১৪ জন রেডলাইনের পক্ষে কাজ করবেন।
শাহজালাল বিমানবন্দরের কাজের জন্য নির্বাচিত রেডলাইন অ্যাসিউরড সিকিউরিটি সম্পর্কে রাশেদ খান মেনন বলেন, প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যের বাইরে অনেক দেশে এ ধরনের পরামর্শক সেবার সঙ্গে যুক্ত আছে।
এদিকে রেডলাইনের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের হিথরো ও ম্যানচেস্টার এবং ফ্রান্সের শার্ল দ্য গলসহ অন্তত ২৫টি দেশে নিরাপত্তা ও প্রশিক্ষণের কাজ চালাচ্ছে।
এদিকে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নয়ন, জনবলের প্রশিক্ষণ ও যন্ত্রপাতির যথাযথ ব্যবহারের মাধ্যমে টেকসই নিরাপত্তা নিশ্চিত এবং বাংলাদেশ থেকে সরাসরি কার্গোতে পণ্য পরিবহনে যুক্তরাজ্য আরোপিত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। রাশেদ খান মেননের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের দেওয়া প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, যেহেতু ২০ থেকে ৩১ মার্চের মধ্যে বিমানবন্দরে দৃশ্যমান নিরাপত্তাব্যবস্থা প্রবর্তন করতে হবে, সে কারণে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সুপারিশ করা পরামর্শক সেবা সরকারি ক্রয়নীতি (পিপিআর), ২০০৮-এর আওতামুক্ত করে গ্রহণ করতে হবে। এ জন্য একটি প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠাবে।
নিরাপত্তার ‘আন্তর্জাতিক মানদণ্ডে’ ঘাটতি থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্য ৮ মার্চ থেকে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। ৩১ মার্চ দুই দেশের সম্মত কর্মপরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা জোরদারের কাজ শুরু না হলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যুক্তরাজ্যগামী সরাসরি ফ্লাইট নিষেধাজ্ঞায় পড়তে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে এ কথা জানান।
এ পরিস্থিতিতে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, ভবিষ্যৎ কর্মপন্থা ও অঙ্গীকার তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ মার্চ ডেভিড ক্যামেরনকে চিঠির জবাব পাঠান। ওই চিঠিতে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়।