নিরাপত্তা মহড়া ডিএমপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। গতকাল রোববার সকালে স্টেডিয়ামে নিরাপত্তার মহড়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট চলাকালে নিরাপত্তার যে অভিজ্ঞতা হয়েছে, এবার তা কাজে লাগানো হবে। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপও বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিশ্বকাপের নিরাপত্তা দিতে গিয়ে নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম ব্যত্যয় ঘটবে না। আগামী ১৬ মার্চ টি-টোয়েন্টি এবং ২৫ ফেব্রুয়ারি থেকে এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে।
ডিএমপির সোয়াত এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল গতকাল মহড়ায় অংশ নেয়। সম্ভাব্য সন্ত্রাসী ঘটনা কীভাবে মোকাবিলা করা হবে, বোমা বিস্ফোরণের মতো জরুরি পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, সে বিষয়ে ডিএমপির এই দুই ইউনিট মহড়া দিয়েছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, শেরেবাংলা স্টেডিয়ামকে ঘিরে সহস্রাধিক পুলিশের নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে। এখন থেকে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। স্টেডিয়ামের ছাদে চারটি পর্যটন টাওয়ার বসিয়ে শতাধিক ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসিয়ে নিরাপত্তা নজরদারি করা হবে।