চলতি মাসে ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিনিধিদল
নিরাপত্তা, মানবাধিকার ও শ্রমমান নিয়ে আলোচনা হবে
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, সন্ত্রাস দমন ও শ্রমমান নিয়ে আলোচনার জন্য চলতি মাসে ঢাকায় আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রতিনিধিদল। এর মধ্যে কাল মঙ্গলবার আসছে যুক্তরাষ্ট্রের সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির দুই সদস্যের প্রতিনিধিদল। ৯ জানুয়ারি চার দিনের সফরে আসছে পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাস দমন দপ্তরের চার সদস্যের প্রতিনিধিদল।
৫ জানুয়ারির নির্বাচনের দুই বছর পূর্তিকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি আবার রাজপথে সরব হওয়ার ঘোষণা দিয়েছে। ওই দিনই মার্কিন সিনেটের প্রতিনিধিদলের ঢাকা সফর শুরু হচ্ছে। এতে ঢাকায় এসে নিজেরাই বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি।
ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ন্যান্সি ভ্যানহর্ন গতকাল রোববার ই-মেইলে প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে জোরালো অংশীদারত্বসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য মার্কিন সিনেট ও সন্ত্রাস দমন দপ্তরের কর্মকর্তারা শিগগির ঢাকায় আসছেন। আমাদের প্রত্যাশা, ২০১৬ সালে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব নতুন দিকনির্দেশনা অনুযায়ী সম্প্রসারিত হতে থাকবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির দুই কর্মকর্তা ক্যারোলিন লেডি ও এন্ডি ওলসনের তিন দিনের সফরের সময় শ্রমমানের বিষয়ে প্রাধান্য থাকবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের দেওয়া ১৬ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে সম্পর্কে তাঁরা খোঁজ নেবেন। এ বিষয়ে তাঁরা শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং শ্রমিক সংগঠন, তৈরি পোশাকশিল্পের মালিক, বেসরকারি খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।
কূটনৈতিক সূত্র বলেছে, সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির দুই কর্মকর্তা প্রাসঙ্গিকভাবেই সফরকালে বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নাগরিক সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। সফরের শুরুতে প্রতিনিধিদলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাস দমন দপ্তরের চার কর্মকর্তা বাংলাদেশ সফরকালে নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যে মার্কিন কর্মকর্তারা স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পুলিশ ও র্যাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক আয়োজনের জন্য অনুরোধ জানিয়েছেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত বছরের শেষ তিন মাসে দুই বিদেশি নাগরিক হত্যা, ধর্মীয় সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ে হামলাসহ বাংলাদেশে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সন্ত্রাসমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে কোথায় সহযোগিতা বাড়ানোর সুযোগ আছে, তা নিয়ে সন্ত্রাস দমন দপ্তরের কর্মকর্তারা আলোচনা করবেন। বিশেষ করে সাইবার অপরাধ নিয়ে আলোচনা করবেন। কারণ, সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে সন্ত্রাসী ও জঙ্গিরা ইন্টারনেটের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে ও তথ্য আদান-প্রদান করছে।
বাংলাদেশে সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সম্পৃক্ততা আছে বলে ফলাও করে প্রচার হচ্ছে। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশে আইএসের উপস্থিতির কথা বলছে। বাংলাদেশে আইএসের উপস্থিতির দাবিটি খতিয়ে দেখতে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সফরেও মার্কিন সন্ত্রাস দমন দপ্তরের কর্মকর্তারা বিষয়টি তুলতে পারেন।