নিরাপত্তা যথেষ্ট, নির্বিঘ্নে আসুন মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক না বলে হাঁক বলাই ভালো। পুলিশি হাঁক শুনে ফিরে তাকাতে হলো। তারপর মেটাল ডিটেক্টর ছুঁয়ে ছুঁয়ে সারা শরীর চলল তল্লাশি।
অন্যদিনের মতো গতকাল সোমবার ষষ্ঠ দিনে অমর একুশে গ্রন্থমেলায় আসা ব্যক্তিদের প্রায় সবাইকে এমন তল্লাশির মুখোমুখি হতে হয়েছে। পুরুষদের কেউ কেউ তল্লাশি ছাড়া ঢুকে যেতে পারলেও নারী পুলিশদের ভীষণ তৎপরতায় মেলায় আসা নারীদের প্রত্যেককেই ব্যাগ খুলে দেখাতে হয়েছে।

.
.

মূল মেলার ভেতরে-বাইরে যথেষ্ট নিরাপত্তা। উদ্যানের মেলা অংশের বাইরেও নানা জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। প্রকাশকদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কথা জানা গেল। কাকলী প্রকাশনীর এ কে নাসির আহমেদ বলেন, বিগত কয়েক বছরে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় মানুষের মনে অনিশ্চয়তার যে বোধ তৈরি হয়েছে, তা কাটানোর জন্যও সতর্কতা প্রয়োজন। তবে অতিসতর্কতা আবার আতঙ্ক ছড়াতে পারে। মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাঠক-লেখকের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে চাই। এককথায় আমি বলব, মেলায় যথেষ্ট নিরাপত্তা আছে, নির্বিঘ্নে আসুন। ঘুরেফিরে বই কিনুন।’ তিনি দাবি করেন, মেলায় এবার উচ্চমানের সিসি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে; যা অন্ধকারেও কাজ করবে।
জেনে রাখা ভালো, গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মেলা স্থান নিয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বইমেলার প্রকৃত সৌন্দর্যটাও এখানেই। দেশসেরা প্রকাশনা প্রতিষ্ঠানগুলো তাদের নতুন-পুরোনো বইয়ের পসরা সাজিয়েছে এখানেই। ছুটির দিন ছাড়া মেলার দ্বার খোলা হয় বেলা তিনটায়, চলে রাত সাড়ে আটটা পর্যন্ত।
ছিমছাম মেলা
সোমবার ছিমছাম ছিল মেলার পরিবেশ। বই কেনাই যাঁদের মুখ্য উদ্দেশ্য, তাঁরা মেলায় এসেছিলেন দিনের প্রথম ভাগে। নিরিবিলি পরিবেশে স্বস্তির সঙ্গে স্টলে স্টলে ঘুরে যাচাই-বাছাই করে বই কিনেছেন তাঁরা। আর যাঁরা বেড়াতে এসেছিলেন, তাঁরাও বেশ স্বচ্ছন্দে ঘুরেফিরে, সন্ধ্যায় মেলামঞ্চে গান শুনে সন্ধ্যা কাটিয়ে গেছেন।
বিকেলে উদ্যানের ঠিক মাঝখানে একটু ফাঁকা জায়গা পেয়ে ঘাসের ওপর গোল হয়ে বসে ছিলেন বাবা, মা এবং মেয়ে। বক্সে করে আনা বিকেলের নাশতা সারছিলেন সবাই মিলে। পেশায় প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘মেলার প্রথম সপ্তাহটায় ভিড় কম হবে—এই আশায় এসেছি। পত্রিকা পড়ে মেয়ে নতুন বইয়ের তালিকা নিয়ে এসেছে। সেই তালিকা ধরে আজ মেলার শেষ বেলা পর্যন্ত বই কিনব।’
অনন্যার স্টলের সামনে দেখা হলো লাক্স তারকা অভিনয়শিল্পী শানারেই দেবী সানুর সঙ্গে। ভক্তদের সঙ্গে ছবি তোলা, বইয়ে অটোগ্রাফ দেওয়া নিয়ে ব্যস্ত ছিলেন এই তারকা। বললেন, প্রায় প্রতিদিনই মেলায় আসছেন। ভালোই লাগছে। আরও বললেন, অনন্যা থেকে এবার মেলায় এসেছে তাঁর কবিতার বই নীল ফড়িং কাব্য। রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায়কে দেখা গেল দল বেঁধে ঘুরে বেড়াতে।
সোমবার মেলার সবচেয়ে উজ্জ্বল উপস্থিতি ছিল কবি হেলাল হাফিজের। তবে তিনি সোহরাওয়ার্দী উদ্যানের মেলার অংশে ঘোরেননি। জানালেন, ধুলাবালিতে সমস্যা হয়, অনেক বছর এ কারণেই মেলায় আসা হয়ে ওঠে না। কবি এসেছিলেন বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার হলে প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের তৃতীয় কাব্যগ্রন্থ জলে খুঁজি ধাতব মুদ্রার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘রাষ্ট্র সব সময়ই নিপীড়ক। রাষ্ট্র সব সময় সেনাবাহিনী চায়, পুলিশ চায়। কিন্তু সেই রাষ্ট্রের সঙ্গে কবি-সাহিত্যিকদের সেতুবন্ধ করতেন মাহবুবুল হক শাকিল।’ তিনি অনুষ্ঠানে নিজের লেখা ‘ফেরীঅলা’ কবিতাটি আবৃত্তি করেন। কবিকণ্ঠে বহুশ্রুত ‘কষ্ট নেবে কষ্ট’ ছিল দর্শকের জন্য বাড়তি পাওনা। অনুষ্ঠানে কবি হাবিবুল্লাহ সিরাজী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাংসদ ফজিলাতুননেসা, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাহবুবুল হকের মেয়ে জাকিয়া রুবাবা হক বক্তব্য দেন। জলে খুঁজি ধাতব মুদ্রা বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন।

.
.


বিকেলে উদ্যান ও বাংলা একাডেমির মাঝের সড়কে একটি মোবাইল কোম্পানির প্রচারণামূলক শোভাযাত্রা মেলায় আসা পাঠকদের বিচলিত করেছে। বিশাল এ শোভাযাত্রা থেকে প্রচারপত্র বিলি করা হয়। বিষয়টির ব্যাপারে অবগত নন বলে জানান মেলার সদস্যসচিব জালাল আহমেদ। এ বিষয়ে পুলিশের ভূমিকা রাখা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
এসেছে ৯০টি নতুন বই
মেলায় গতকাল এসেছে নতুন ৯০টি বই। ৮টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মেলায় প্রথমা প্রকাশন এনেছে আতাউর রহমান খানের ওজারতির দুই বছর: মুখ্যমন্ত্রিত্বের দিনগুলি ১৯৫৬-৫৮ এবং মঈনুস সুলতানের ঘুরে বেড়াই আদিম গুহায়। অনন্যা এনেছে ইমদাদুল হক মিলনের নয়মাস, মোস্তফা কামালের প্রিন্স উইলিয়ামের আংটির খোঁজে। চন্দ্রাবতী একাডেমি এনেছে রফিকুন নবীর রনবী’র ছড়া, অ্যাডর্ন পাবলিকেশন এনেছে তওফিক চৌধুরীর আমি জানি তুমি মিথ্যা বলছো, রোদেলা প্রকাশনী এনেছে আহমাদ মোস্তফা কামালের বাংলা গল্পের উত্তরাধিকার।
বিকেলে আলোচনা ও সন্ধ্যায় গান
বিকেলে মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হরিচরণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর অভিধান: দেড়শতম জন্মবর্ষের স্মরণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বরোচিষ সরকার। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক আহমদ কবির, অধ্যাপক মহাম্মদ দানীউল হক ও হাকিম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম মুরশিদ। মেলামঞ্চে গান শোনান জনপ্রিয় কয়েকজন শিল্পী।
আজ সপ্তম দিন মঙ্গলবার মেলা মঞ্চে থাকছে ‘হরিচরণ বাংলা ভাষার প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। শেষে গান শোনাবেন শিল্পীরা।