নিরাপত্তা রক্ষীর গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় এ কে খান গ্রুপের নিরাপত্তারক্ষীর গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
গত শুক্রবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন পাল্টা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এ ব্যাপারে স্থানীয় পুলিশ ও কোম্পানির পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
নিহত যুবকের নাম আল আমিন। পেশায় তিনি দরজি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা এলাকায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আল আমিন শুক্রবার রাত ১১টার দিকে প্রস্রাব করছিলেন। সন্দেহভাজন সন্ত্রাসী ভেবে এ কে খান গ্রুপের এক নিরাপত্তাকর্মী গুলি চালালে তা আল আমিনের বুকে বিদ্ধ হয়। হাসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুল ইসলাম ভূঁইয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আল আমিন অন্ধকারে বসে প্রস্রাব করছিলেন। সন্দেহভাজন সন্ত্রাসী মনে করে এ কে খান গ্রুপের নিনরাপত্তাকর্মী গুলি ছোড়েন।
এ ঘটনার জের ধরে শত শত লোক এ কে খান গ্রুপের আমবাগান এলাকার স্থাপনায় হামলার চেষ্টা চালায়। এতে তিনটি গাড়ির কাচ ভেঙে গেছে। পরে পুলিশ হামলাকারীদের তাড়িয়ে দেয়।
মো. মাঈনুল ইসলাম ভূঁইয়া গতকাল সন্ধ্যায় জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল। মামলা হওয়ার পরই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ কে খান গ্রুপের মহাব্যবস্থাপক ফয়েজুন মতিন প্রথম আলোকে বলেন, ‘কোম্পানির জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণের সময়ে সন্ত্রাসীরা বাধা দিয়ে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে আবার হামলা চালানো হয়। সাবেক একজন ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে হামলা হলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। এতে কোম্পানির দেড় কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।’