নিরাপত্তা-সংকটে বিসিকের যশোর শিল্পাঞ্চল
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) যশোরের শিল্পসহায়ক কেন্দ্রের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে একের পর এক ঘটছে চুরি-ডাকাতির ঘটনা। কিন্তু নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করতে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। এই অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিল্পমালিকেরা। নিরাপত্তাহীনতায় আছেন সেখানে কর্মরত শ্রমিকেরাও।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, গত ১১ মে রাতে সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অবস্থিত বিসিক শিল্পাঞ্চলের সওদাগার স-মিলের অফিসকক্ষের তালা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, একটি ল্যাপটপ কম্পিউটার ও ডিজিটাল ক্যামেরা চুরি হয়। এ ঘটনার সপ্তাহখানেক পর চোরেরা মেঘনা বেকারির অফিসকক্ষ ও আলমারির তালা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, একটি রঙিন টেলিভিশন ও কয়েক বস্তা বিস্কুট চুরি করে। এরপর জনতা ময়দা কলের দারোয়ানকে বেঁধে ডাকাতেরা অফিসকক্ষের দরজা ভাঙার চেষ্টা করে। কিন্তু শব্দে আশপাশের লোকজন সজাগ হয়ে যাওয়ায় ডাকাতেরা পালিয়ে যায়। ওই সূত্রগুলো বলছে, গত দুই বছরে বিসিক এলাকায় এ রকম অর্ধশতাধিক চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু একটিরও কোনো তদন্ত হয়নি। অপরাধীরাও ধরা পড়েনি।সম্প্রতি বিসিক শিল্পাঞ্চলে গিয়ে জানা গেছে, এখানে ১২৮টি শিল্প-কারখানার মধ্যে ১২৫টি চালু রয়েছে। এসব কারখানায় সাড়ে চার হাজার শ্রমিক কাজ করেন, যাঁদের বেশির ভাগই নারী। পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গা গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা ওই শিল্পাঞ্চলের মধ্য দিয়ে। তা ছাড়া শিল্পাঞ্চলে ঢোকার জন্য প্রবেশপথ পাঁচটি। এর একটিতেও ফটক (গেট) নেই। কাজেই দিনে-রাতে শিল্পাঞ্চলের ভেতর দিয়ে কে বা কারা যাতায়াত করল, তার কোনো হদিস থাকে না। এভাবেই অরক্ষিত হয়ে পড়েছে পুরো অঞ্চল।এ ছাড়া, চলাচলের জন্যে শিল্পাঞ্চলের মধ্যে তিন কিলোমিটারের মতো রাস্তা আছে। এ রাস্তায় কোনো বাতি নেই। রাত নামার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়। কারখানার নারীশ্রমিকেরা কাজ শেষে রাতে বাড়ি ফেরেন আতঙ্ক নিয়ে।এ ব্যাপারে যশোর বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাক আলী প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের সেপ্টেম্বরে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া যশোরে এসেছিলেন। এ সময় তাঁর কাছে বিসিক শিল্পাঞ্চলে নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের আবেদন করা হয়। ফাঁড়ি স্থাপনের জন্য সম্ভাব্য জায়গা নির্ধারণের কথা জানিয়ে ওই বছরের ২৪ নভেম্বর পুলিশ সদর দপ্তর থেকে একটি চিঠি আসে।তিনি বলেন, ফাঁড়ি স্থাপনের জন্য জায়গা দেওয়ার দায়িত্ব বিসিক কর্তৃপক্ষের, কিন্তু তারা শিল্পমালিকদের কাছে জায়গা চান। কেউ জায়গা দিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ফাঁড়ি স্থাপন করা সম্ভব হয়নি।মুস্তাক আলী আরও বলেন, গত ফেব্রুয়ারিতে মালিক সমিতির নিজস্ব ব্যবস্থাপনায় দুজন প্রহরী নিয়োগ করা হয়। কিন্তু এর কয়েক দিন পর এক রাতে মুখোশধারী একদল সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে ওই প্রহরীদের হুমকি দেয়। পরদিন প্রহরীরা চাকরি ছেড়ে চলে যান। এর পর থেকে অন্তত পাঁচটি কারখানায় চুরির ঘটনা ঘটেছে।শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক কাওছার আলী বলেন, কারখানার তালা ভেঙে চুরির ঘটনা যেমন ঘটছে, তেমনি বিদ্যুতের তার চুরিও বেড়েছে। অধিকাংশ কারখানার বিদ্যুৎ-সংযোগের তার চুরি হয়েছে। এসব ব্যাপারে পুলিশকে জানিয়েও কিছু হচ্ছে না।এ ব্যাপারে বিসিক যশোরের উপমহাব্যবস্থাপক লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, শিল্পাঞ্চল রক্ষণাবেক্ষণের জন্য বছরে মাত্র ১০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এই টাকায় রাস্তায় বাতি লাগানোর খরচও হয় না।নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লুৎফর রহমান বলেন, সম্প্রতি শিল্পাঞ্চলের কয়েকটি কারাখানায় চুরির ঘটনা ঘটেছে। টহল জোরদার করার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলা হয়েছে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, শিল্পাঞ্চলে পুলিশ টহল দেয়। তবে জনবল সংকটের কারণে সার্বক্ষণিক টহল দেওয়া সম্ভব হচ্ছে না। চুরির মামলাগুলো তদন্ত করে দেখা হবে।