নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল বুধবার তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা নিয়ে আলোচনায় ‘বেস্ট থিংক ট্যাংক কনফারেন্স’ হিসেবে বিবেচিত এই সম্মেলনে বিশ্বের ২০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেবেন। এ ছাড়া সম্মেলনে ন্যাটো, ইইউ, গ্রিন পিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো যোগ দেবে। ১৭ ফেব্রুয়ারি থেকে এ সম্মেলন শুরু হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মেলনে খাদ্য, পানি, স্বাস্থ্য, পরিবেশ, উদ্বাস্তু এবং অভিবাসনের মতো বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, এ পর্যন্ত বাংলাদেশ এককভাবে রোহিঙ্গা ইস্যু মোকাবিলা করছে। আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পেরেছে বাংলাদেশ একা রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে পারবে না। প্রধানমন্ত্রী ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানান মাহমুদ আলী।