নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করায় বাড়ছে দুূর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজের সময় বাঁ পায়ে আঘাত পান ডকশ্রমিক মাহবুব রহমান। গত ২৭ এপ্রিল তিনি চিকিৎসা নেন বন্দরশ্রমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র থেকে। মাথায় আঘাত পেয়ে ডকশ্রমিক আবদুল জব্বারও চিকিৎসা নিয়েছেন এই কেন্দ্র থেকে।
বন্দর জেটিতে কনটেইনার বা পণ্য ওঠানো-নামানোর কাজের সময় এভাবেই নিয়মিতই দুর্ঘটনায় পড়ছেন শ্রমিকেরা। বন্দরের মতো বিশেষায়িত কাজে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করায় এমন দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বন্দর স্বাস্থ্যসেবা কেন্দ্রের তথ্যানুযায়ী, গত এক বছরে বন্দরে কাজের সময় ছোটখাটো দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫৬২ জন শ্রমিক-কর্মী। তাঁদের মধ্যে গুরুতর আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সময়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বন্দরের অভ্যন্তরে দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন শ্রমিক।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দরে ১৩ জন বেসরকারি অপারেটর পণ্য ওঠানো-নামানোর কাজ করছেন। এসব অপারেটরের অধীনে শ্রমিকেরা পণ্য ওঠানো-নামানো ও খালাসের কাজ করেন। বন্দরের হিসাবে, বর্তমানে বন্দরে ছয় হাজার ৮৭৫ জন শ্রমিক তিন পালায় পণ্য ওঠানো-নামানোর কাজ করছেন। বন্দরের দুটি জেটিতে অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে কনটেইনার ওঠানো-নামানো হয়। এর বাইরে আটটি কনটেইনার এবং ছয়টি সাধারণ জেটিতে জাহাজের ক্রেনের সাহায্যে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো হয়। জাহাজের ক্রেনের সাহায্যে পণ্য ওঠানো-নামানোর কাজে শ্রমিকদের ব্যবহার সবচেয়ে বেশি। অসতর্কতার কারণে এসব জেটিতে পণ্য ওঠানো-নামানোর সময় শ্রমিকেরা দুর্ঘটনার মুখেও বেশি পড়ছেন।
সম্প্রতি বন্দর ঘুরে দেখা গেছে, ভারী কাজ করলেও শ্রমিকদের মাথায় হেলমেট নেই। ডকশ্রমিকদের কেউ কেউ হাতে গ্লাবস ব্যবহার করছেন। তবে নিরাপত্তামূলক পোশাক ব্যবহার করতে দেখা যায়নি কাউকে।
ডকশ্রমিক মো. দুলাল মিয়া বলেন, বেসরকারি অপারেটররা শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম দিচ্ছে না। আবার পণ্য ওঠানো-নামানোর কাজে অনেক জরাজীর্ণ সরঞ্জাম ব্যবহার হয়, যে কারণে দুর্ঘটনা বেশি ঘটছে।
নিয়ম অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তামূলক সরঞ্জাম প্রদানের কথা জেটি পরিচালনাকারী বেসরকারি অপারেটরদের। বেসরকারি অপারেটরদের সঙ্গে বন্দরের সম্পাদিত চুক্তিতে এসব সরঞ্জাম সরবরাহের বাধ্যবাধকতা আছে।
বন্দরের পরিচালক (প্রশাসন) ও সচিব মুহিবুল হক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা যাতে নিরাপত্তামূলক সরঞ্জাম ব্যবহার করে সে জন্য আমরা বেসরকারি অপারেটরদের তাগাদা দিচ্ছি। কারণ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করলে ছোটখাটো দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।’
বেসরকারি অপারেটরদের সংগঠন বার্থ অপারেটর অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম আমরা দিয়েছি। কিন্তু তাঁরা বিষয়টি মানছেন না। বন্দর কর্তৃপক্ষকেও আমরা বলেছি, যাঁরা হেলমেটসহ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করবে না তাঁদের বন্দরের ভেতরে যাতে ঢুকতে দেওয়া না হয়।’