গোয়েন্দাপ্রধানদের আন্তর্জাতিক সম্মেলন
নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রয়োজন সমন্বয়: প্রধানমন্ত্রী

নিরাপত্তা হুমকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সুসমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর গোয়েন্দাপ্রধানদের (এপিআইসিসি) সপ্তম সম্মেলন উদ্বোধনকালে তিনি বলেন, বিশ্ব আজ যে বহুমাত্রিক সন্ত্রাসী হুমকির সম্মুখীন, তা কোনো দেশের পক্ষে এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খবর বাসসের।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে। উদ্বোধনী ভাষণে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো হুমকিই তাঁকে এই অবস্থান থেকে সরিয়ে আনতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা তাদের টিকে থাকার জন্য সব সময় উদ্ভাবনী শক্তিতে খুবই তৎপর। যখনই তাদের কোনো একটা কর্মকৌশল উদ্ঘাটিত হয়, সঙ্গে সঙ্গে তারা নতুন কৌশলের উদ্ভাবন ঘটায়। সুতরাং, এটি সত্যিই একটি চ্যালেঞ্জিং মিশন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এ ধরনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে দেশে উগ্র জঙ্গিগোষ্ঠীর উত্থান ঘটছে। এসব গোষ্ঠী সাধারণ মানুষের জানমালের পাশাপাশি বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ। বিশ্বশান্তি বজায় রাখার ক্ষেত্রে এই উগ্র জঙ্গিগোষ্ঠীর মোকাবিলা আজ এক বিরাট চ্যালেঞ্জ।
পাঁচ দিনের এ সম্মেলনে ২৭টি দেশের গোয়েন্দাপ্রধানেরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সিজের (ডিআইএ) পরিচালক ডগলাস এইচ ওয়াইজ এবং বাংলাদেশের ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেন বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানেরা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে আমার বক্তৃতায় সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, তাতে আমি আমৃত্যু অবিচল থাকব। সন্ত্রাসবাদ মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা, দেখা গেছে জঙ্গিবাদ বিস্তারের পেছনে অনেক রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা রয়েছে।’ সন্ত্রাসবাদের ব্যাপারে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ শান্তি রক্ষায় এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সব আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তিনামা ও আন্তর্জাতিক উদ্যোগের সক্রিয় অংশীদার। এসবের পাশাপাশি দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসবাদ, সামুদ্রিক নিরাপত্তা, ভবিষ্যৎ যুদ্ধকৌশল, সাইবার নিরাপত্তা এবং বিশ্ব নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনারা মতবিনিময় করবেন। বিশ্বশান্তি বিনষ্টকারী এসব হুমকি মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।