নিরাপত্তা হেফাজতের কিশোরীটি পরিবারের কাছে ফিরতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী থানা হেফাজতে এক মাস ধরে থাকা কিশোরীটি তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। কিশোরীর ভাষ্যমতে, তার নাম তামিম তারিক মাত্তারিন নিঝুম চৌধুরী। বাবার নাম আশরাফ জামান চৌধুরী। বাড়ি কক্সবাজারের কলাতলী সৈকত পাড়ায়। গত ৩১ ডিসেম্বর কলেজের নবীনবরণ অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার সময় চালক ইমন তার মুখে রুমাল চেপে অজ্ঞান করে। জ্ঞান ফিরলে সে দেখে, একটি ঘরে সে খুঁটির সঙ্গে হাত বাঁধা অবস্থায় সে পড়ে আছে। সেখানে ১২ দিন বন্দী থাকার পর একটি মেয়ে উদ্ধার করে তাকে বাসে তুলে দেয়। ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে বাস থেকে একটি রিকশায় উঠে চালককে সবকিছু খুলে বলে সে। পরে সে ওই রিকশাচালকের সঙ্গে বাসে কুড়িগ্রাম নাগেশ্বরী চলে আসে। কিন্তু পরে রিকশাচালক অশালীন আচরণ করলে সে দৌড়ে স্থানীয় মেম্বার শুকুর আলীর বাড়িতে আশ্রয় নেয়। ইউএনও মো. রফিকুল হক জানান, গত ১৬ জানুয়ারি নাগেশ্বরী নুনখাওয়া ইউনিয়নে কম্বল বিতরণ করতে গিয়ে তিনি জানতে পারেন, শুকুর মেম্বারের বাড়িতে একটি মেয়ে আশ্রয় নিয়েছে। পরে তাকে নিয়ে এসে নিরাপত্তা হেফাজতে রাখা হয়।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর রহমান বলেন, মেয়েটির দেওয়া ঠিকানা সঠিক না হওয়ায় তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।