নিরাপত্তাকর্মীকে মারধর ছাত্রলীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা দাবি করে না পেয়ে কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ৫১ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করেন। গত ২৬ সেপ্টেম্বর ছাত্রলীগের ব্যবসায় প্রশাসন অনুষদ শাখার সভাপতি মেহেদি হাসানের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী নিরাপত্তাকর্মীদের প্রধান আহসান উল্লাহর কাছে প্রত্যেক নিরাপত্তাকর্মীর জন্য ৫০০ টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে হুমকি দিতে থাকেন। শনিবার সন্ধ্যা সাতটায় আইন অনুষদের প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন মো. জসিম নামের এক নিরাপত্তাকর্মী। এ সময় মেহেদি হাসানসহ ছাত্রলীগের ছয়-সাতজন নেতা-কর্মী তাঁর কাছে চার হাজার টাকা চাঁদা দাবি করেন। জসিম চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁরা তাঁকে মারধর করেন এবং মুঠোফোন ছিনিয়ে নেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা আহসান উল্লাহর কাছে গিয়ে তাঁর মোটরসাইকেল নিয়ে নেন এবং টাকা দেওয়ার শর্তে জিয়াউর রহমান হলের সামনে থেকে মোটরসাইকেল ফেরত নিতে বলেন। রাত নয়টার দিকে মেহেদিকে চার হাজার টাকা দেওয়ার পর মোটরসাইকেল ও জসিমের মুঠোফোন ফেরত দেওয়া হয়।মেহেদি হাসান বলেন, ‘আমাদের আত্মীয় এক নিরাপত্তাকর্মীর কাছে কিছু টাকা পেত, আমরা সেটা আনতে গিয়েছিলাম মাত্র।’ তবে তিনি ওই নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।