নিরাপত্তাকর্মীকে মারধর প্রতিবাদে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মীকে মারধর ও কুপিয়ে জখম করার প্রতিবাদে সিটি করপোরেশনের ৩ নম্বর জোনের কর্মচারীরা গতকাল রোববার কর্মবিরতি পালন করেছেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।
আহত নিরাপত্তাকর্মী আব্দুল মতিনকে (৫২) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করেছেন সিটি করপোরেশনের সহকারী হিসাবরক্ষক শাহ আলম।
ভুক্তভোগী কর্মী ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন যুবক সিটি করপোরেশনের কম্পাউন্ড ক্যাম্পাসে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে। এ সময় নিরাপত্তাকর্মী মতিন তাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। এ নিয়ে তাঁর সঙ্গে প্রথম কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় যুবকেরা।
মামলায় উল্লেখ করা হয়েছে, ওই যুবকেরা সিটি করপোরেশনের অভ্যন্তরে রক্ষিত যানবাহন থেকে বিভিন্ন সময় যন্ত্রাংশ ও মূল্যবান মালামাল খুলে নিয়ে যেত। এ নিয়ে তাদের একাধিকবার নিষেধও করা হয়।
গতকাল সকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ ও নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আহত নিরাপত্তাকর্মী মতিনকে দেখতে হাসপাতালে যান।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।