রাজধানীর উত্তরায় গত বৃহস্পতিবার মধ্যরাতে এক কলেজছাত্রীকে অপহরণের সময় বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা কলেজছাত্রীর বন্ধুকে চাপাতি দিয়ে কুপিয়ে মেয়েটিকে তুলে নিয়ে যায়। তবে দুর্বৃত্তরা কয়েক ঘণ্টা পরই তাঁকে ছেড়ে দেয়। মেয়েটিকে নির্যাতন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কলেজছাত্রীটি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মা ও বন্ধু মাহফুজুল হকের সঙ্গে হেঁটে উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসায় ফিরছিলেন। ৩ নম্বর সড়কে কয়েকজন দুর্বৃত্ত মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। এ সময় বন্ধু মাহফুজ বাধা দিলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তাঁর হাতে কোপ দেয়। কাছের একটি বাড়ির নিরাপত্তাকর্মী মো. লিটন এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে ওই ছাত্রীকে প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। কোমরে গুলিবিদ্ধ লিটনকে রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রংপুরের পীরগাছার বাসিন্দা লিটন মাত্র সাত দিন আগে ওই বাড়িতে নিরাপত্তাকর্মীর কাজে যোগ দেন বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী এনামুল হক বলেন, ‘দুই-তিনজনের চিৎকার শুনে সামনে গিয়ে দেখি, কয়েকজন সশস্ত্র লোক একটি মেয়েকে তাদের এলিয়ন গাড়িতে তুলছে। এ সময় এক যুবক বাধা দিলে একজন দুর্বৃত্ত তার হাতে চাপাতি দিয়ে কোপ দেয়। পাশের একটি বাসার নিরাপত্তাকর্মী তাঁদের চিৎকারে ছুটে এসে সন্ত্রাসীদের বাধা দিলে তারা তাঁকে গুলি করে।’
ঘটনার পরপরই পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
পুলিশ জানায়, অপহরণের পর দুর্বৃত্তরা কলেজছাত্রীকে আবার সেক্টর ৪-এর ৩ নম্বর সড়কে রেখে যায়। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। মেয়েটি উত্তরার একটি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়েন। ওসিসির সমন্বয়ক বিলকিছ বেগম বলেন, ছাত্রীটি নির্যাতনের শিকার হয়েছেন। আজ শনিবার তাঁর ডাক্তারি পরীক্ষা হবে।
কলেজছাত্রীর মা অভিযোগ করেছেন, তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষক এ অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই দুই শিক্ষক তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।
পুলিশ জানায়, চাপাতির কোপে আহত মাহফুজ উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসিন্দা। তিনি উত্তরার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, অপহরণকারীরা শুক্রবার ভোররাত চারটার দিকে অপহরণ করার স্থানেই আবার ওই ছাত্রীকে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তারা মুখ খুলছে না।