নিরাপত্তাকর্মীদের অচেতন করে কাপড় লুট
গাজীপুর সদর উপজেলায় পোশাক তৈরির একটি কারখানার পাঁচ নিরাপত্তাকর্মীকে অচেতন করে বিপুল পরিমাণ কাপড় লুট করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মালেকের বাড়ি এলাকায় ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড কারখানায় ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক আসাদুল ইসলাম গতকাল শুক্রবার নিরাপত্তাকর্মী সাইদুর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেছেন।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, ৯ জুলাই ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড কারখানায় সাইদুর রহমান নামের একজনকে নিরাপত্তা প্রহরী হিসেবে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার রাতের কোনো একসময় ওই নিরাপত্তা প্রহরী কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তা কারখানার নিরাপত্তা তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম (৪০), নিরাপত্তাকর্মী আবদুল হক (৪২), জিটু মিয়া (৪০), আবদুল হামিদ (৪২) ও আবদুল গণিকে (৩৭) পান করান। কিছুক্ষণ পর পাঁচ নিরাপত্তাকর্মী অচেতন হয়ে পড়েন।
কারখানার কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে নিরাপত্তাকর্মীদের আরেকটি দল দায়িত্ব পালন করতে গেলে পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ক্লিনিকে পাঠায়। এ সময় দেখা যায়, গুদামের ৭২৫ রোল কাপড় নেই। লুটে নেওয়া কাপড়ের বাজারদর প্রায় এক কোটি ১০ লাখ ৪৪ হাজার টাকা।