পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ থেকে গতকাল বুধবার সকালে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকাল আটটার দিকে হাসপাতালের কয়েকজন কর্মচারীর ফোন পেয়ে জরুরি বিভাগের নিরাপত্তাকর্মীদের কক্ষ থেকে অজ্ঞাতনামা (১৭) ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। তার পরনে চেক লুঙ্গি ও কালো রঙের ফুলশার্ট ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
হাসপাতালের নৈশপ্রহরী সাজ্জাদ হোসেন জানান, গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ওই কিশোর তাঁদের বিশ্রামের কক্ষে ঢুকে পড়ে। তখন তাকে বের করে দেওয়া হয়। সকাল সাতটায় দায়িত্ব শেষে তিনি চলে যান। পরে ওই তরুণের লাশ পাওয়ার কথা তিনি শোনেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে।