নিরাপত্তাকর্মীর সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের ১৬ নম্বর ওয়ার্ডে প্রবেশ করা নিয়ে নিরাপত্তাকর্মীর সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে এক শিশুকে হাসপাতালে ভর্তি করান স্বজনেরা। রাত আটটার দিকে ওই শিশুর বাবা পরাগ চৌধুরীর সঙ্গে তাঁর কয়েকজন আত্মীয়ও ওয়ার্ডে ঢোকার চেষ্টা করেন। এ সময় ওয়ার্ডের নিরাপত্তাকর্মী মুনির তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষে তর্ক হয়, একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক উপপরিদর্শক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওয়ার্ডে প্রবেশ করা নিয়ে গেটম্যান ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি হয়েছে। দুজন সামান্য আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে বিষয়টি মিটমাট করে।’