নিরাপত্তাবেষ্টনী কর্মসূচিতে কার্যকর সমন্বয় দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় বলা হয়েছে, সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির খাদ্যসামগ্রী ও নগদ অর্থ অনেক ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীরা পায় না। কর্মসূচি বাস্তবায়নে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এটা হচ্ছে। এই কর্মসূচি আরও সফল করতে হলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় দরকার।
গতকাল শনিবার ডেইলি স্টার ভবনে ‘সামাজিক নিরীক্ষার আলোকে সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির বর্তমান অবস্থা ও উত্তরণ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশন ও গভার্নেন্স কোয়ালিশন।
অনুষ্ঠানে জানানো হয়, সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির প্রকৃত বরাদ্দ ও বাস্তবায়ন পরিমাপের জন্য আয়োজকেরা দেশের পাঁচটি বিভাগের ১৪টি ইউনিয়নে ‘সামাজিক নিরীক্ষা’ চালায়। জানুয়ারি ২০১৩ থেকে জানুয়ারি ২০১৫ পর্যন্ত এই নিরীক্ষা চালানো হয়। কর্মসূচি কার্যকর করার জন্য কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে আছে সামাজিক নিরাপত্তাবেষ্টনী বিষয়ে নীতি প্রণয়ন ও তা কার্যকর করা, অতি দরিদ্র জনগোষ্ঠীর সঠিক তালিকা ও ডেটাবেইস তৈরি করা, দুর্যোগকালীন সময় বাদ দিয়ে উপভোগকারীদের গম ও চালের পরিবর্তে সরাসরি নগদ টাকা প্রদান, খাদ্যের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়ন ও কার্যকর করা। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলিকুজ্জমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংসদ রিফাত আমিন, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।