রাঙামাটিতে এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমা হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি ঘিরে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা।
পাহাড়ি ছাত্র পরিষদ ও রমেল চাকমা হত্যা প্রতিবাদ কমিটি এ অবস্থান ধর্মঘটের আয়োজন করে। দুপুর পৌনে ১২টার দিকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় আসতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা জেলা প্রশাসকের ফটকসংলগ্ন এলাকায় অবস্থান নেন। দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পাহাড়ি ছাত্র পরিষদ ও রমেল চাকমা হত্যা প্রতিবাদ কমিটির নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। তাঁরা অবিলম্বে রমেল চাকমার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
অবস্থান ধর্মঘট কর্মসূচিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) রাঙামাটি জেলা সভাপতি কুনেন্টু চাকমা সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা, রমেল চাকমা হত্যা প্রতিবাদ কমিটির আহ্বায়ক সুনন্দা তালুকদার, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির সদস্য জিকো চাকমা প্রমুখ।
মন্টি চাকমা বলেন, রমেল চাকমাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। এতে তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে শাস্তির দাবি করেন তিনি।
এদিকে পূর্বঘোষণা অনুযায়ী অবস্থান ধর্মঘট কর্মসূচির সময় ছিল সকাল ১০টা। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাধার মুখে পৌনে ১২টায় কর্মসূচি শুরু করতে হয়েছে বলে অভিযোগ করেছেন আয়োজকেরা। তাঁদের ভাষ্য, অবস্থান ধর্মঘটে যোগ দিতে আসা লোকজনকে পথে পথে আটকে দেওয়া হয়। রমেল চাকমার গ্রামের বাড়ি হাতিমারা এলাকার শত শত মানুষকে কর্মসূচিতে আসতে দেওয়া হয়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বলেন, অবস্থান ধর্মঘটকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোতোয়ালি থানার পুলিশ ছাড়াও জেলা পুলিশ লাইনস থেকে বাড়তি পুলিশ সদস্য আনা হয়।
স্মারকলিপি পেশ
এদিকে অবস্থান ধর্মঘট চলাকালে একই দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন কর্মসূচির আয়োজকেরা। তাঁরা স্মারকলিপিটি রাঙামাটি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।
স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, স্মারকলিপিটি পাওয়ার পর সেটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ৫ এপ্রিল রমেল চাকমাকে নানিয়ারচর উপজেলা পরিষদ এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল মারা যান তিনি। রমেল চাকমার লাশ রীতি অনুযায়ী দাহ করতে দেওয়া হয়নি। তবে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব অভিযোগ অস্বীকার করেছে।