নিরাপত্তাব্যবস্থা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৬৭টি পূজামণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এ জন্য পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা ও র‍্যাবের পক্ষ থেকে আরেক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে দুর্গোৎসবকে সামনে রেখে পুলিশের পাঁচ দিনের বিশেষ অভিযান আগামীকাল বুধবার শেষ হচ্ছে। এ অভিযানে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার বা কেউ গ্রেপ্তার হয়নি।

বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিদেশি দুই নাগরিক হত্যাকাণ্ডের পর জেলাজুড়ে গোয়েন্দা নজরদারি এবং সতর্কাবস্থা জোরদার করা হয়েছে। তাই এবার শারদীয় দুর্গোৎসবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পুলিশ সার্বক্ষণিক সতর্ক আছে। প্রতিটি মন্দির ও মণ্ডপ কড়া গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়া মণ্ডপ এলাকায় সাদাপোশাকের গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবেন আর্মড পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও। মন্দির এলাকায় টহলে থাকবে পুলিশের বিশেষ দল।

অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবার ৬২৯টি পূজামণ্ডপের মধ্যে ১৫৩টি অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ২১৪টি পূজামণ্ডপকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে বগুড়া সদর, শেরপুর, শাজাহানপুর ও সোনাতলা উপজেলায়।

জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি দিলীপ কুমার দেব বলেন, গত বছরের তুলনায় এবার আরও বেশি সতর্কতা এবং কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।