নিরাপত্তাব্যবস্থা জোরদার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ঘিরে চট্টগ্রাম নগরের দুটি স্টেডিয়াম এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। খেলোয়াড়দের হোটেল ও যাতায়াতের পথেও থাকবে কঠোর নিরাপত্তা। গতকাল শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিসিবির সহসভাপতি আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে নগর পুলিশের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের অনুশীলন এবং মূল পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, ফিজি, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, নামিবিয়ার খেলা হবে।
গতকাল সকালে সিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান। বৈঠকে বিসিবির সহসভাপতি মাহবুবুল আলম, উপপুলিশ কমিশনার মাসুদ উল হাসান, হারুন-উর রশিদ হায়াত, হাসান মোহাম্মদ শওকত আলী, মোয়াজ্জেম হোসেন, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান, এম এ আজিজ স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক আব্দুল হান্নান আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, সবার সম্মিলিত উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে।