চুরি রোধে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা না থাকায় হাকালুকি হাওরের অভয়াশ্রম ঘোষিত কয়েকটি বিল থেকে অবাধে ধরে নেওয়া হচ্ছে মাছ। রাতে আশপাশের বিলের ইজারাদারের লোকজন মাছ ধরে বিলের পাড়ে নিয়ে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ অবস্থায় অভয়াশ্রমগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও পাহারাদার নিয়োগের দাবি জানিয়েছে হাওর বাঁচাও, কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ। সংগঠনটির আশঙ্কা, মাছের উৎপাদন বাড়াতে সরকারের এ উদ্যোগটি ব্যর্থ হয়ে যেতে পারে। জেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মাছের বিলুপ্তি রোধ ও উৎপাদন বৃদ্ধির জন্য হাকালুকি হাওরের ১৮টি বিলকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বিলগুলো হলো: পলোভাঙা মরা সোনাই ও চিকনউঠি বদ্ধ বিল, বাইয়া, রনচি, টোলার, উত্তর গাজুয়া, দক্ষিণ গাজুয়া, চাতলা, আকদার, কাঙালি গোবরকুড়ি চিকন মাটি, মাইছলার ডাক, দুধাই, নিমুবিল, কৈয়ারকোনা, চিনাউড়া আগার গ্রুপ, চিনাউড়া গ্রুপ, মইয়াজুরি, নিরাই, মালাম ও চেতকুনি কৈরের মুড়াউ কেশব ডহর বিল। কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং হাওর বাঁচাও, কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের জেলা সভাপতি সিরাজ উদ্দিন আহমদ গত শুক্রবার প্রথম আলোকে বলেন, হাকালুকি হাওরের চাতলা ও গৌড়কুড়িসহ অভয়াশ্রম ঘোষিত প্রায় সব বিল থেকে রাতের বেলা মাছ চুরি হচ্ছে। অভয়াশ্রম থেকে মাছ শিকার রোধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও স্থায়ী পাহারাদার প্রয়োজন। এদিকে অভয়াশ্রমের সুফল কাজে লাগাতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর গত ১৪ ডিসেম্বর একটি স্মারকলিপি দিয়েছে হাওর বাঁচাও, কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ। এতে হাকালুকি হাওরে জীববৈচিত্র্য রক্ষা এবং অতিথি পাখির বিচরণ নিশ্চিত করতে ইজারা প্রথা (লিজ) বাতিল করে লাইসেন্স প্রথা প্রবর্তন, অভয়াশ্রমের ২০০ গজের ভেতরে মাছ ধরা নিষিদ্ধকরণ, বর্ষাকালে জালভিত্তিক জেলেদের অনুমতিপত্র প্রদান, শীত মৌসুমে নির্ধারিত হারে টিকিট দিয়ে বড়শি, পলো বাওয়ার সুযোগ প্রদান প্রভৃতি দাবি জানানো হয়। মৎস্য অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নৃপেন চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, মৎস্য কর্মকর্তাদের কোনো বিচারিক ক্ষমতা না থাকায় অবৈধ জাল ব্যবহার ও মাছ ধরার বিরুদ্ধে তাঁরা তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেন না। প্রশাসনিক কর্মকর্তাদের ব্যস্ততার কারণে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রায়ই সম্ভব হয় না।বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মো. আমিনুর রহমান বলেন, ‘দিনে বিল এলাকায় পুলিশ টহল দেয়। তবে রাতের বেলা নিরাপত্তার ব্যবস্থা করা এখনো সম্ভব হয়নি। অভয়াশ্রমগুলো রক্ষায় স্থায়ী কিছু করা বা পাহারাদার নিয়োগ করা যায় কি না, এ নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। বৃহস্পতিবারের সভায় এ নিয়ে আলোচনা হয়েছে।’