ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরের সময় নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি না থাকলেও রাজধানীর অনেক সড়কে গতকাল শনিবার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আগে থেকে ঘোষণা না দেওয়ার কারণে অনেককে সড়কে নেমে নাকাল হতে হয়েছে।
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তাঁর চারপাশে নিরাপত্তাবলয় তৈরি করে রাখেন ভারতের বিশেষ নিরাপত্তা বাহিনী ‘ব্ল্যাকক্যাট’-এর সদস্যরা। সঙ্গে রয়েছে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)।
সূত্র জানায়, মোদি যেসব স্থানে যাবেন সেগুলো আগেভাগেই পরিদর্শন করেন ব্ল্যাকক্যাটের সদস্যরা। বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে সমন্বয় করেই কাজ করছেন তাঁরা।
মোদির সফর নিয়ে রাজধানীর কোনো সড়ক বন্ধ রাখা হবে না বলে আগে থেকেই ঘোষণা দিয়েছিল পুলিশ। পুলিশ বলেছিল, মোদি ও তাঁর সফরসঙ্গীদের চলাফেরার জন্য যান চলাচলের ক্ষেত্রে ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকু কড়াকড়ি আরোপ করা হবে।
গতকাল সকালে ঢাকায় নেমে সড়কপথে বিমানবন্দর থেকে জাতীয় স্মৃতিসৌধে যান মোদি। সেখান থেকে আসেন ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। দুপুর সাড়ে ১২টার পর সেখান থেকে বেরিয়ে হোটেল সোনারগাঁওয়ে আসেন। এ কারণে ঢাকা-আরিচা মহাসড়ক, মিরপুর সড়ক, পান্থপথ ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বেশ কিছু সময় বন্ধ রাখা হয়। ফলে পাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। গরমে পথে আটকে বিপাকে পড়ে নগরবাসী।
এ ব্যাপারে জানতে চাইলে মহানগর পুলিশ কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
আজ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। সকালে তিনি যাবেন লালবাগে ঢাকেশ্বরী মন্দির, সেখান থেকে রামকৃষ্ণ মিশনে। এরপর দুপুরে তিনি যাবেন বঙ্গভবনে। বঙ্গভবনের পর গুলশানে ভারতীয় দূতাবাসে যাবেন তিনি। এসব কর্মসূচি সেরে হোটেলে ফিরবেন তিনি। রাতে ঢাকা ছাড়ার আগে তিনি যাবেন শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে বক্তৃতা দিয়ে সরাসরি বিমানবন্দরে যাবেন নরেন্দ্র মোদি। ওই সময়ে যাতায়াতের সড়কগুলো বন্ধ থাকবে।