নিরাপত্তার অভাবে বিব্রত বিচারক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার অভাবে গ্রেনেড হামলার একটি মামলায় জেএমবির পাঁচ সদস্যের বিচারকাজে বিব্রতবোধ করেছেন কুমিল্লার বিশেষ জজ আদালতের একজন বিচারক। গতকাল সোমবার দুজন বয়স্ক পুলিশ দিয়ে ওই পাঁচ জেএমবি সদস্যকে আদালতে হাজির করায় তিনি বিব্রতবোধ করেন। তাই তিনি তড়িঘড়ি দুজন সাক্ষীর সাক্ষ্য নিয়ে ২৬ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।প্রসঙ্গত, ২০০৮ সালের ২৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে জনসভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। এর পরপরই বেলা তিনটার দিকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা সদরে জনসভাস্থল এলাকায় গ্রেনেড হামলা চালায়।আদালত সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার জনসভাস্থলে গ্রেনেড হামলার ঘটনায় জেএমবির পাঁচ সদস্যের বিরুদ্ধে দেবীদ্বার থানায় বিস্ফোরকদ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী কার্যকলাপের অভিযোগে দুটি মামলা হয়। উভয় মামলার আসামিরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার বানাপাড়া গ্রামের মো. আবদুল আলিম ওরফে নাঈম, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের মো. আইয়ুব আনসারী ওরফে মাসুদ, দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামের মোস্তাক ওরফে মোশাররফ, একই গ্রামের হাবিব ও ওসমান ওরফে শফিক। এই পাঁচ আসামিকে গতকাল বেলা ১১টায় বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় কুমিল্লার বিশেষ জজ আদালতে হাজির করা হয়। বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল হোসেন বেপারী গতকাল দুপুরে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘সোমবার শুনানি চলাকালে ভয়ে আমাকে জেএমবির সদস্যদের সঙ্গে হাসিমুখে কথা বলতে হয়েছে। আদালতে আমার কোনো গানম্যান নেই। আমার নিজেরও নিরাপত্তা নেই। দুই মাস আগে নিরাপত্তা চেয়ে পুলিশ বিভাগে চিঠি দিয়েছি। কিন্তু আজ অবধি কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ কুমিল্লার বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মহিউদ্দিন আহমেদ আলম প্রথম আলোকে বলেন, ‘এসব মামলার ক্ষেত্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে।’