নিরাপত্তার আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা গতকাল রোববার থেকে কর্মবিরতি প্রত্যাহার করেছেন। চিকিৎসকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েন করা হবে এমন আশ্বাস পেয়ে তাঁরা এ সিদ্ধান্ত নেন।
১ ও ৬ জানুয়ারি মধ্যরাতে পাঁচজন চিকিৎসক বহিরাগত একদল দুর্বৃত্তের হামলার শিকার হন। এ ঘটনায় গত শনিবার থেকে তিন দিনের কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি নেয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখা। এ অবস্থায় হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন বৈঠক করে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানায়। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রশাসনের বৈঠক শেষে ওই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় বিএমএ।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ও আবাসিক সার্জন মো. আবদুল আউয়াল সোহেল বলেন, গতকাল বেলা ১১টায় হাসপাতালের সম্মেলনকক্ষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা হয়। এতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিনুজ্জামান চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, বিএমএ কুমিল্লার সভাপতি গোলাম মহিউদ্দিন, ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠকে চিকিৎসকেরা তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করার জন্য আনসার মোতায়েনের ব্যবস্থা করবে।
জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, হাসপাতালের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ দেওয়া হবে। এখানে স্থায়ী পুলিশ ফাঁড়ি করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
বিএমএ কুমিল্লার সভাপতি গোলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, সাংসদ ও প্রশাসনের আশ্বাস পেয়ে আপাতত আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।