নিরাপত্তার আশ্বাসে ত্রাণ নিলেন আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের আদিবাসী গ্রামে গতকাল পরিস্থিতি শান্ত ছিল। বাড়ি নির্মাণসহ পুনর্বাসনে জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীরা গতকাল ঢেউটিন নিয়েছেন।
তবে আদিবাসী গ্রামে হামলার প্রতিবাদে ডাকা রাঙামটি-খাগড়াছড়ি সড়কে অনির্দিষ্টকালের অবরোধ গতকালও অব্যাহত ছিল। এ ছাড়া ঘটনাস্থলের পাশের কয়েকটি স্থানে হামলাকারীদের গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে গতকাল সমাবেশ হয়েছে।
হামলার ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙামাটি জেলা প্রতিনিধি বাবলু চাকমা অভিযোগ করেন, নানিয়ারচর ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে মামলা করতে চাইলেও নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেননি।
তবে এই অভিযোগ অস্বীকার করে ওসি মো. আবদুর রশীদ বলেন, ‘গত বুধবার বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা ও সদস্য আনন্দ বিকাশ চাকমাকে মামলা করতে বলেছিলাম। তাঁরা গতকাল (আজ) বৃহস্পতিবার মামলা করার কথা বললেও আসেননি।’
গত মঙ্গলবার সকালে বুড়িঘাট ইউনিয়নের ১৪ মাইল এলাকায় বাঙালিদের মালিকানাধীন বাগানের আনারস ও সেগুনগাছ নষ্টের অভিযোগে আদিবাসীদের তিনটি গ্রামে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে সাতটি দোকান ও আদিবাসীদের ৫৪টি বসতবাড়ি পুড়ে যায়।
চেয়ারম্যান প্রমোদ খীসা জানান, ক্ষতিগ্রস্ত আদিবাসীরা বুধবার জেলা প্রশাসন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে পাঠানো ত্রাণসামগ্রী না নিলেও গতকাল বৃহস্পতিবার ৪৫ বান্ডিল ডেউটিন নিয়েছেন। বাড়ি নির্মাণসহ পুনর্বাসনে জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের আশ্বাসে ঢেউটিনগুলো গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
নানিয়ারচর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল কান্তি চাকমা বলেন, ‘জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৫টি পরিবারের জন্য বাড়ি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছি।’ ক্ষতিগ্রস্ত ৬১টি পরিবারের জন্য পর্যায়ক্রমে বাড়ি নির্মাণ করার কথা তাদের মৌখিকভাবে জানানো হয়েছে বলে পিআইও জানান।
আদিবাসী গ্রামে হামলাকারীদের গ্রেপ্তার, শাস্তিসহ পাঁচ দফা দাবিতে নানিয়ারচর ভূমি রক্ষা কমিটির ব্যানারে গতকাল দুপুরে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি এবং নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজার ও বেতছড়ি বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় আদিবাসীরা অংশ নেন।
বিক্ষোভকারীদের অন্য দাবিগুলো হলো—যথাযথ ক্ষতিপূরণ ও লুণ্ঠিত বুদ্ধমূর্তিগুলো উদ্ধার, পুনর্বাসিত বাঙালিদের বগাছড়ি এলাকা থেকে সরিয়ে নেওয়া, বেদখল হওয়া ভূমি ফেরত দেওয়া এবং ভবিষ্যতে যেন পাহাড়ি গ্রামে হামলা না হয়, তার নিশ্চয়তা দেওয়া।