বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা গতকাল মঙ্গলবারের হরতালে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।গতকাল খালেদা জিয়ার উপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৮ এপ্রিল এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ তারিখ ধার্য করেন।খালেদা জিয়ার পক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সময়ের আবেদন করে আদালতে বলেন, হরতালে নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। তাই সময়ের প্রয়োজন।দুদকের আইনজীবী মোশাররফ হোসেন এ আবেদনের বিরোধিতা করেন।২০০৭ সালের ৩ জুলাই অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদক বাদী হয়ে রাজধানীর রমনা থানায় খালেদা জিয়া এবং তাঁর দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করে।