নিরাপত্তার কড়াকড়িতে ঘরবন্দী বর্ষবরণ
কঠোর নিরাপত্তায় খ্রিষ্টীয় পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেছে রাজধানীবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী এলাকাসহ পুরো ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মধ্যরাতের (থার্টি ফার্স্ট নাইট) আয়োজন মূলত ঘরের ভেতরেই সীমাবদ্ধ ছিল।
বর্ষবরণের অনুষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কা থেকে নিরাপত্তার বিষয়ে কঠোর হতে সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল। এ কারণে সন্ধ্যার পরে প্রকাশ্যে বর্ষবরণের সব রকমের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
সন্ধ্যার পর গুলশান, বনানী ও কূটনৈতিক এলাকায় ঢোকার মুখে নিরাপত্তাচৌকি বসায় পুলিশ ও র্যা ব। রাত আটটা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় শুধু কামাল আতাতুর্ক অ্যাভিনিউ দিয়ে যানবাহন প্রবেশ করতে পারে। কিন্তু রাত আটটার পরে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যানবাড়ি ক্রসিং, আমতলী ক্রসিং, শ্যুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিংগুলো বন্ধ করে দেওয়া হয়। গুলশান, বনানী ও বারিধারার বাসিন্দাদের রাত আটটার মধ্যে এলাকায় ফেরত আসতে হয়। গুলশান ও বনানী, বারিধারা এলাকায় আটটার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধু ওই এলাকার বাসিন্দাদের ঢুকতে দেওয়া হয়। সন্ধ্যা ছয়টার পরে হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ইংরেজি বছরের শেষ দিনে সন্ধ্যা ছয়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত ব্যক্তি ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাত আটটার মধ্যে ঘরে ফিরতে হয়েছে। ফলে সন্ধ্যার পর থেকেই থমথমে হয়ে যায় পুরো ক্যাম্পাস এলাকা।
গতকাল সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রবেশপথ নীলক্ষেত, দোয়েল চত্বর, চানখাঁরপুল ও পলাশীর মোড়ে নিরাপত্তাচৌকি বসিয়েছে পুলিশ। রাজু ভাস্কর্য ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। ছাত্র-শিক্ষক কেন্দ্রের দুই প্রবেশ ফটকে পুলিশ সতর্ক অবস্থান নেয়।
সন্ধ্যায় বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকা বন্ধ করে দেয় পুলিশ। এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীদের শুধু পরিচয়পত্র দেখিয়ে ঢোকানো হয়। ক্যাম্পাসে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ। অবশ্য এর আগেই অনেক তরুণ-তরুণী বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জননিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে ব্যক্তি ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে উৎসাহ ও আয়োজনের কমতি ছিল না নগরবাসীর। শাহবাগ ও অন্যান্য এলাকার ফুলের দোকানগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেন। পারিবারিক বনভোজনের আমেজে নিজেদের মতো করে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন করেন।