নিরাপত্তার কড়াকড়িতে যেন জনবিচ্ছিন্ন না হই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপত্তাব্যবস্থার কড়াকড়িতে জনগণের সঙ্গে তাঁর যেন কোনো রকম দূরত্বের সৃষ্টি না হয়, সে জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) সব সময় সজাগ থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে এসএসএফের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বাহিনীর সদস্যদের এক দরবারে ভাষণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব পালন করে এসএসএফ। দরবারে এ বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের প্রতিটি কার্যক্রম জনকল্যাণে প্রণীত ও বাস্তবায়িত হয়। এ জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জনসম্পৃক্ততা বজায় রেখে দায়িত্ব ও জনপ্রত্যাশার মাঝে সমন্বয়ের মাধ্যমে দক্ষতা ও পেশাদারত্বের সার্থকতার স্বাক্ষর রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, তিনি তাঁর কাজের প্রতিটি ঘণ্টা, মুহূর্ত ও দিনকে দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ ও দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করছেন। এ জন্য তাঁর সঙ্গে দায়িত্ব পালনকারী প্রত্যেককে কাজের বাড়তি চাপ নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে দায়িত্ব পালনকারী প্রত্যেকের বাড়তি চাপ ও পরিশ্রম তখনই সার্থক হবে, যখন আমাদের প্রয়াসের ফলশ্রুতিতে একটি সমৃদ্ধ দেশ গড়ে উঠবে। দেশ অর্থনৈতিকভাবে উন্নত হওয়ার সঙ্গে নিরাপত্তা বাহিনীও এর সুফল পাবে।’
সুযোগ্য নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং বাহিনীর প্রত্যেক সদস্যের নিষ্ঠা, শ্রম ও আন্তরিকতার মাধ্যমে এসএসএফের উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মাদ আমান হাসান অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধানেরা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও এসএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব এটা তাঁর সরকার প্রমাণ করেছে এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার বিপরীতে সফল উত্তরণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন দৃঢ় অর্থনৈতিক ভিত ও মর্যাদাপূর্ণ অবস্থানে দাঁড়িয়েছে। বিভিন্ন খাতে বর্তমান সরকারের বাস্তবমুখী পরিকল্পনার কারণে এটা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে একটি চিত্রকর্ম উপহার দেওয়া হয়। দরবারের পর প্রধানমন্ত্রী এসএসএফ সদস্যদের সঙ্গে এসএসএফ অফিসার্স মেসে এক মধ্যাহ্নভোজে যোগ দেন।