স্থগিত কেন্দ্রগুলোতে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে যশোর-৫ (মনিরামপুর) আসনকে। ৫ জানুয়ারি সংঘাতের কারণে এই আসনের ১২২টি কেন্দ্রের মধ্যে ৬০টির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
রিটার্নিং কর্মকর্তা ও যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, এই ৬০টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৫ জন অস্ত্রধারী পুলিশ ও ১০ জন বিজিবি সদস্য থাকবেন। বিশেষ টহল দলে এক হাজার ৫০০ পুলিশ, ৬০০ বিজিবি, ১৫০ র্যাব ও ৩৫০ সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ খান টিপু সুলতান (নৌকা প্রতীক)। তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য (কলস)।
প্রশাসনের এমন নিরাপত্তার পরও ভোটারদের আতঙ্ক পুরোপুরি কাটেনি। ভরতপুরের আনোয়ার আলী মোড়ল (৮০) বলেন, ‘আগের সুমায় নতুন জামাকাপড় পইরে ভোট দিতি গিছি। এখন ভোট দিতি যাতি ভয় কইত্তেছে, কহন না কি হয়ে যাই, সেই আতঙ্কে আছি।’
মনিরামপুরে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর সময়ে বিচ্ছিন্নভাবে লাউড়ি, কালারহাট, নাদড়া, বিজয়রামপুর, দহকুলা, ইত্যা, দুর্বাডাঙ্গা গ্রামের ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হাজরাইল ঋষিপল্লিতে ৭ জানুয়ারি রাতে ঘটেছে গণধর্ষণের ঘটনা।
৫ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতা ও নাশকতার ঘটনায় ৬২টি মামলা করা হয়েছে। নির্বাচন-পূর্ব সহিংসতার ঘটনায়ও কয়েকটি মামলা হয়েছে।
ইতিমধ্যে যৌথ বাহিনী উপজেলা বিএনপির সভাপতি ও মনিরামপুর পৌরসভার মেয়র শহীদ ইকবাল হোসেন এবং তিনজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ অন্তত ৩০০ জনকে আটক করেছে বলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন জানিয়েছেন।