নিরাপত্তার চাদরে যশোর-৫ আসনের ভোট শুরু

নিরাপত্তার চাদরে ঢাকা পরিস্থিতির মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে স্থগিত হওয়া যশোর-৫ আসনে। এই আসনের ১২২টির মধ্যে স্থগিত ৬০টি ভোটকেন্দ্রে আজ বৃহস্পতিবার ভোট নেওয়া চলছে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আসনটিতে নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের খান টিপু সুলতান। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আরেক নেতা স্বপন ভট্টাচার্য।
৫ জানুয়ারি হওয়া ৬২টি ভোটকেন্দ্রে খান টিপু সুলতান পেয়েছেন ৩০ হাজার ৫৩১ ভোট। স্বপন ভট্টাচার্য পেয়েছেন ১৮ হাজার ৩৩১ ভোট। স্থগিত হওয়া যে ৬০টি কেন্দ্রে আজ ভোট নেওয়া হচ্ছে, তাতে মোট ভোটার এক লাখ ৩৯ হাজার ২৯৬ জন।

সকাল সাড়ে নয়টার দিকে যশোরের মনিরামপুরের থানপুর ইউনিয়নের গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র গিয়ে দেখা যায়, নিরুত্তাপভাবে ভোট চলছে। এই কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৭৯৫ জন। প্রিসাইডিং অফিসার বিমল কুমার সরদার জানিয়েছেন, সকাল সাড়ে নয়টা পর্যন্ত ১৩৯টি ভোট পড়েছে।
কেন্দ্রটিতে সকালে এক বৃদ্ধ কোলে চড়ে ভোট দিতে আসেন। তিনি দাবি করেন, তাঁর বয়স ১০৫ বছর। হয়তো এটাই তাঁর জীবনের শেষ ভোট। তাই ভোট দিতে এসেছেন।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের সহিংসতার মুখে ব্যালট পেপার ছিনতাই ও ভোটকেন্দ্রে আগুন দেওয়ার কারণে ছয় জেলার আটটি আসনের ৩৯২ ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
স্থগিত হওয়া ওই আটটি আসনের মধ্যে সাতটিতে ভোট গ্রহণ আজ সকাল আটটায় শুরু হয়েছে। একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া চলবে। হাইকোর্টের নিষেধাজ্ঞায় কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ পুনরায় স্থগিত করা হয়েছে।
সহিংসতার কারণে স্থগিত হওয়া আসনগুলো হলো দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষ্মীপুর-১। স্থগিত ভোটকেন্দ্রের সংখ্যা ৩৯২টি। কুড়িগ্রামের দুটি কেন্দ্র কমে যাওয়ায় আজ ৩৯০টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।