
উগ্র জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান ও কড়াকড়ি নিরাপত্তার ঘেরাটোপের ভেতর দিয়ে এবার রাজধানীতে বাংলা নববর্ষ বরণের বৈশাখী উৎসব পালিত হয়েছে। বর্ষবরণের উৎসবে এবার চিরাচরিত উচ্ছ্বাস ছিল না। দিনের প্রথমার্ধ প্রায় নিরিবিলি ছিল শহরের পরিবেশ। বিকেলে লোকসমাগম বাড়লেও সন্ধ্যার মধ্যেই ঘরে ফেরার তাগাদা দেওয়া শুরু হয়।
বরাবরের মতোই রমনার বটমূলে ছায়ানটের প্রভাতি সংগীতানুষ্ঠান দিয়ে সূচনা হয় বর্ষবরণ অনুষ্ঠানের। এবার অর্ধশত বছর পূর্ণ হলো এই অনুষ্ঠানের। ছায়ানটের অনুষ্ঠান ছাড়াও সকালে শিশুপার্কের সামনের নারকেল বিথি চত্বরে ছিল শিল্পী ফকির আলমগীরের পরিচালনায় ঋষিজ শিল্পীগোষ্ঠীর লোক ও গণসংগীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ৩৪ বছর পূর্তি হলো এবার। সকালের আরেকটি বড় অনুষ্ঠান ছিল শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় সুরের ধারার শিল্পীরা গান পরিবেশন করেন।
বর্ষবরণের বর্ণাঢ্য অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা নিয়ে উদ্বেগ ছিল এবার। গত বছর ইউনেসকো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। এই অর্জন উদ্যাপনের জন্য সরকারি ব্যবস্থাপনায় সারা দেশেই এবার মঙ্গল শোভাযাত্রার সিদ্ধান্ত হয়েছিল। তবে হেফাজতে ইসলামসহ কিছু সংগঠন মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী উৎসবকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা দেয়। এ কারণেই এবার নজিরবিহীন নিরাপত্তার কড়াকড়ি আরোপ করা হয়েছিল রাজধানীর বৈশাখী উৎসবে।
উৎসবের মূল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় প্রবেশের সব পথে প্রতিবন্ধক দিয়ে সব রকম যানবাহনের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এবার প্রতিবন্ধকগুলোর অবস্থান ছিল হয়েছিল অনেকটা দূরে দূরে। ফলে যিনি যে পথ ধরেই আসুন না কেন, প্রতিবন্ধকের সামনে যানবাহন থেকে নেমে অনেকটা পথ হেঁটে রমনা এলাকায় আসতে হয়েছে। আর রোদও ছিল প্রখর। ফলে মানুষ বিরক্ত হয়, ক্লান্ত হয়ে পড়ে।
মঙ্গল শোভাযাত্রা বের হয়েছিল ১০টার দিকে। পুলিশ সামনে-পেছনে চারপাশে প্রায় প্রাচীরের মতো করে ঘিরে রেখেছিল শোভাযাত্রাটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে যাত্রা করে হোটেল রূপসী বাংলার সামনে থেকে ঘুরে টিএসসি মোড় হয়ে চারুকলার সামনে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও শোভাযাত্রায় অংশ নেন। শেষভাগে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
নববর্ষে দিনের শুরু থেকেই টিএসসি-রমনা-সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বরাবর বিভিন্ন সংগঠনের আয়োজনে ছোট-বড় বহু অনুষ্ঠানের আয়োজন থাকে। এবার তা ছিল না। আর সারা শহরে ট্রাকে করে যে ভ্রাম্যমাণ অনুষ্ঠান হতো ছোট ছোট সংগঠনের আয়োজন, এমন আয়োজনও এবার বিশেষ চোখে পড়েনি।
এর বাইরে সারা দিন উৎসবের মূল কেন্দ্র ছিল প্রায় নীরব। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট বন্ধ। এই প্রান্তের সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশপথও বন্ধ। শিশু একাডেমির ফটক বন্ধ। হকারদের প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রতিবার নানা রকম কারুপণ্য, খাজা গজা, ঢোল-ডুগডুগিসহ রকমারি পণ্যের পসরা বসে যায় পথের পাশে। এবার তাও ছিল না।
খিলগাঁও চৌধুরীপাড়া থেকে স্ত্রী ও চার বছরের ছেলেকে নিয়ে সকালে রমনা এলাকায় এসেছিলেন একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা ইকরামুজ্জামান খান। সেগুনবাগিচা মোড়ে রিকশা থেকে নেমে ছেলেকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘খুবই আশ্চর্য হয়েছি। রোদের মধ্যে এতটা পথ হেঁটে এখানে এসে দেখছি কিছুই নেই। এর চেয়ে ঘোষণা দিতে পারত বাড়ি থেকে কেউ যেন না বের হন।’
এ প্রসঙ্গে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তার প্রয়োজন ছিল, তবে তাতে বাড়াবাড়িও ছিল। সরকার একদিকে আমাদের প্রণোদনা দিয়েছে। অন্যদিকে যারা নারীদের বিপক্ষে, বাঙালি সংস্কৃতির বিপক্ষে কথা বলেছে তাদেরও পাশে রেখেছে। এই বৈপরীত্য আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।’
ধানমন্ডি এলাকায় সকাল নয়টার দিকে লেকের পারে ১২-এ সড়ক সংলগ্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিল সারগাম ললিতকলা একাডেমি। তবে রবীন্দ্রসরোবর মঞ্চেও এবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান ছিল না। পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলার মাঠ ও ওয়ারীর টিপু সুলতান রোডে এবার নববর্ষের অনুষ্ঠানের আয়োজন ও সড়কে আলপনা আঁকা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা এসব এলাকাতেই ঘুরে বেড়িয়ে সময় কাটিয়েছে।
উত্তরার দিয়াবাড়ি ও পূর্বাচলের তিনশ ফুট সড়কে সকাল থেকেই প্রচুর লোকসমাগম হয়েছিল। বিকেলে হাতিরঝিল ও জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ ও ক্রিসেন্ট লেক এলাকায় বেড়াতে আসেন অনেকে। আনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।