নিরাপত্তার জন্য আনসার চেয়েছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরোধীদলীয় নেতার পদমর্যাদায় নিরাপত্তাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা আর পাবেন না। তাই বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার বাসভবন ও কার্যালয়ের নিরাপত্তার জন্য আনসার চেয়ে আবেদন করা হয়েছে।
গুলশান এলাকার আনসার-ভিডিপি কর্মকর্তা কাজী আহসানুল হক প্রথম আলোকে বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা আবদুল মজিদ কয়েক দিন আগে আনসার চেয়ে আবেদন করেছেন। আনসার সদর দপ্তর বরাবর করা এই আবেদনটি আমাদের কাছে এসেছে।’
বিএনপির চেয়ারপারসনের একজন ব্যক্তিগত কর্মকর্তা জানান, ভবিষ্যতের কথা চিন্তা করে মূলত এই আবেদন করা হয়েছে। কারণ, নতুন সংসদ গঠিত হলে খালেদা জিয়া আর বিরোধীদলীয় নেতার প্রটোকল পাবেন না। তখন আর পুলিশি নিরাপত্তা থাকবে না। তাই পুলিশের বিকল্প হিসেবে আনসারের নিরাপত্তা চাওয়া হয়েছে।
আগামী রোববারের মধ্যে নতুন সরকারের শপথ হতে পারে। অবশ্য এরই মধ্যে গুলশানে খালেদার জিয়ার বাসভবন এলাকায় মোতায়েন করা অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯১ সালের পর থেকে খালেদা জিয়া হয় প্রধানমন্ত্রী, না হয় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে সরকারি সুযোগ-সুযোগ (প্রটোকল) পেয়ে আসছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রমতে, ‘দ্য লিডার অ্যান্ড ডেপুটি লিডার অব দ্য অপজিশনস রিম্যুনেরেশন অ্যান্ড প্রিভিলেজ অর্ডিন্যান্স-১৯৭৯’ অনুযায়ী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা একজন মন্ত্রীর পদমর্যাদা ও সমপরিমাণ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পান।
বিরোধীদলীয় নেতাকে মন্ত্রীর পদমর্যাদায় ঢাকা মহানগর পুলিশ থেকে একজন হেড কনস্টেবল, একজন নায়েক, ছয়জন কনস্টেবলসহ মোট আটজন ‘হাউস গার্ড’ দেওয়া হয়। এর বাইরে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে দুজন গানম্যান পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
গতকাল পুলিশ সূত্র জানায়, আটজন হাউস গার্ড সাধারণত বিরোধীদলীয় নেতা বাইরে বের হলে তাঁর নিরাপত্তা দিয়ে থাকেন। বর্তমানে যেহেতু তিনি বাড়ি থেকে বের হচ্ছেন না, তাই পুলিশ প্রটেকশন উঠিয়ে নেওয়া হয়েছে। তবে এসবির গানম্যান দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া বিরোধীদলীয় নেতা সরকারি বাড়ি ও গাড়ির সুবিধা এবং উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস), সহকারী সচিব অথবা জ্যেষ্ঠ সহকারী সচিব মর্যাদার একজন সহকারী একান্ত সচিব (এপিএস), দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন বাহক, দুজন এমএলএসএস ও একজন বাবুর্চি পান। অবশ্য খালেদা জিয়া সরকারি বাড়িতে থাকেন না।
তবে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, সরকার চাইলে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে পারে। এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে তিন মাসের জন্য এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) দিয়ে নিরাপত্তা দেওয়া হয়।