নিরাপত্তার দাবি সিরাপিনার পরিবারের
রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী কিশোরী ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচারসহ নিহতের পরিবার নিরাপত্তা চাইলেন। গতকাল শুক্রবার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নিরাপত্তার আবেদন করা হয়।রাজশাহী মহানগরের জিডিআরসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত কিশোরীর মা সুসান্না সরেন, বড় বোন সাবিনা মার্ডি, অনিল মারান্ডি, রবীন্দ্রনাথ সরেন, কল্পনা রায়, দিল সেতারা, মোশাররফ হোসেন আখুঞ্জি প্রমুখ।সংবাদ সম্মেলনে সিরাপিনার বড় বোন সাবিনা মার্ডি বলেন, তাঁরা এলাকায় নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। আদিবাসী নেতা বিমল রাজোয়াড় বলেন, আন্ধারকোট মিশনের ফাদার লিটন হুমকি দিয়েছেন যে সিরাপিনার পরিবার শুধু গোদাগাড়ীতে নয়, রাজশাহী জেলার কোথাও থাকতে পারবে না। গত বছর এপ্রিল মাসে ধর্ষণের শিকার হয়ে গোদাগাড়ী উপজেলার আমতলী গ্রামের আদিবাসী কিশোরী সিরাপিনা মার্ডি (১১) মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগায়। ২০ ফেব্রুয়ারি রাতে সে মারা যায়। এ ঘটনায় শুরশুনিপাড়া গির্জার ফাদার বার্নাড টুডুসহ ১৩ জনকে আসামি করে মামলা করা হয়।