নিরাপত্তার দাবিতে কর্মরিরতি পালন করছেন চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে প্রায় এক মাস ধরে কর্মবিরতি পালন করছেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। ডায়রিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যু কেন্দ্র করে রোগীর আত্মীয়স্বজনের হামলায় চিকিৎসকেরা লাঞ্ছিত হওয়ার পর থেকে তাঁরা জরুরি বিভাগে কর্মবিরতি পালন করছেন।জানা যায়, ২ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলার কুমড়াকাঁপন গ্রামের চান মিয়ার মেয়ে শিল্পী বেগম (৯) ডায়রিয়ায় আক্রান্ত হলে ওই দিন সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়। মারা যাওয়া শিশুর আত্মীয়স্বজনেরা জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা মাসুদুর রহমানকে কর্তব্যে অবহেলার অভিযোগে মারধর করেন। এ কারণে ২ ডিসেম্বর রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত চিকিৎসকেরা আর জরুরি বিভাগের কাজে ফেরেননি। তাঁদের কর্মবিরতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সাজিদুল কবির একাই চিকিৎসা-সহকারীদের সহায়তায় জরুরি বিভাগের দায়িত্ব পালন করছেন। কর্মক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা না দিলে আট চিকিৎসক জরুরি বিভাগে আর দায়িত্ব পালন করবেন না বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাইয়ুম উদ্দিন বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। মৌলভীবাজারের সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিভিল সার্জন অফিসে কোনো অভিযোগ পাইনি। তারপরও চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য জেলা পুলিশ সুপারের কাছে শিগগিরই চিঠি দেওয়া হবে।’