নিরাপত্তার দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে পণ্য পরিবহনের কাজ আজ শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছেন লাইটার জাহাজ শ্রমিকেরা। নৌপথে নিরাপত্তা বিধান ও ডাকাতের কবলে পড়ে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের দাবিতে শ্রমিকেরা এ কর্মসূচি পালন করছেন।

চট্টগ্রাম লাইটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলমের ভাষ্য, গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সারবাহী একটি লাইটার জাহাজ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের উদ্দেশে যাচ্ছিল। জাহাজটি রাত দুইটার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাত্তিরখাল নামক স্থানে ডাকাতের কবলে পড়ে। ওই ডাকাতির পর ওই জাহাজে থাকা ১১ জন লাইটার শ্রমিকের মধ্যে নয়জন নিখোঁজ রয়েছেন। আজ সকালে এ সংবাদ ছড়িয়ে পড়লে চট্টগ্রাম বন্দরের লাইটার শ্রমিকেরা পণ্য খালাসের কাজ বন্ধ করে দিয়েছে।

নবী আলমের দাবি, সকাল আটটা থেকে লাইটার শ্রমিকদের ধর্মঘটের কারণে বহির্নোঙরে পণ্য নিয়ে আসা বড় জাহাজ থেকে পণ্য খালাস স্থগিত রয়েছে। এ ছাড়া সারা দেশে কোনো লাইটার জাহাজ চলাচল করছে না।