রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল বুধবার আবারও ধর্মঘট শুরু করেছেন। গত মঙ্গলবার রাতে রোগীর স্বজনদের হাতে এক চিকিৎসক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে তাঁরা এই ধর্মঘট শুরু করেছেন।ধর্মঘটের কারণে হাসপাতালে চিকিৎসক না পেয়ে গতকাল রোগীদের অনেকেই হাসপাতাল ছেড়ে বিভিন্ন ক্লিনিকে চলে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে নগরের ভাটাপাড়া এলাকার মনোয়ারা বেগম (৬২) নামের এক রোগীর মৃত্যু হয়। এই রোগীর স্বজনেরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে একজন শিক্ষানবিশ চিকিৎসককে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকেরা ফের ধর্মঘটে যান। এর আগে গত শনিবার একই ধরনের ঘটনার জের ধরে চিকিৎসকেরা ধর্মঘট শুরু করেন। হাসপাতালের পরিচালক সাইদুর রহমান বলেন, সকালে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কাজে যোগদান করতে রাজি হন। একটা অংশ হয়তো এখনো যোগদান করেনি। তিনি বলেন, শিক্ষানবিশ চিকিৎসকদের দাবি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।