নিরাপত্তার দাবিতে ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টার্ন চিকিৎসকের ওপর রোগীর স্বজনদের হামলার পর নিরাপত্তার দাবিতে গতকাল শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ। গতকাল সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসক পরিষদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি ফারহান রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদ সূত্র জানায়, গত শুক্রবার রাতে মেডিসিন বিভাগের ১ নম্বর ওয়ার্ডে রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার এক রোগীর স্বজনেরা কর্মরত ইন্টার্ন চিকিৎসক জনি সরকারের ওপর হামলা চালায়। বিষয়টি নিয়ে গতকাল সকালে হাসপাতাল পরিচালকের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে সন্তোষজনক আলোচনা না হওয়ার পরিপ্রেক্ষিতে পরিষদের সভা করে বিকেল পাঁচটা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হয়। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানানো হয়।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক মউদুদ আহমেদ বলেন, রোগীকে নিয়ে পালিয়ে গেছে তার স্বজনেরা। সকালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। হঠাৎ সন্ধ্যায় শুনতে পান ইন্টার্ন চিকিৎসকেরা কাজ করছেন না।