নিরাপত্তার দাবিতে ভোলায় জেলেদের মানববন্ধন
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী এবং বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাত বন্ধ ও জেলেদের নিরাপত্তার দাবিতে গতকাল শনিবার ভোলায় মানববন্ধন করা হয়েছে। কোস্ট ট্রাস্টের আয়োজনে সকাল ১০টায় ভোলা সদর রোডে প্রায় আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ছাত্র, শিক্ষক, মৎস্য ব্যবসায়ী, জেলে সমপ্রদায়সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষ যোগ দেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন নাগরিক কমিটির আহ্বায়ক মো. শাজাহান, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোবাশ্বির উল্লাহ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস-উল-আলম, কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির ভোলা শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির সদর উপজেলার সভাপতি এরশাদ আলী, জেলে আবদুল হক মাঝি, ফরিদ মাঝি, হাসান মাঝি প্রমুখ। বক্তারা বলেন, জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত দুই শতাধিক জেলেনৌকা দস্যুর কবলে পড়েছে। ৮ এপ্রিল সাগরে ৩২ জেলের লাশ পাওয়া গেছে। এ ছাড়া মেঘনার সাগর মোহনায় আরও পাঁচজনের লাশ পাওয়া গেছে। শতাধিক জেলে অপহূত হয়েছেন। এসব জেলে ও জেলেনৌকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হচ্ছে। ফলে জেলেরা মেঘনা-তেঁতুলিয়া আর বঙ্গোপসাগরে যেতে ভয় পাচ্ছেন। কিন্তু কোস্টগার্ডসহ আইন প্রয়োগকারী সংস্থা নামমাত্র ভূমিকা পালন করছে। জেলেরা সেন্ট মার্টিন জিঞ্জিরা থেকে সুন্দরবনসহ ভোলার মেঘনা-তেঁতুলিয়া ও ইলিশা নদীতে নিয়মিত নৌ-বাহিনীর টহল বৃদ্ধিসহ জলদস্যুদের উৎপাত বন্ধ ও উপকূলীয় জেলেদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান।