নিরাপত্তার দাবিতে মানববন্ধন
জীবনের নিরাপত্তার দাবিতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গত মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ১৫ মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করেছে।একের পর এক সন্ত্রাসী ঘটনা ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করার প্রতিবাদে এই মানববন্ধনে বক্তৃতা করেন সাবেক সাংসদ দবির উদ্দিন জোয়ার্দ্দার, ছাত্রনেতা ইউনুস আলী প্রমুখ। এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।মানববন্ধনে অংশ নেওয়া ডিএম কলেজের শিক্ষার্থী সামিরা ইয়াসমিন, সাবরিনা সুলতানা ও মনিরা সুলতানা জানায়, তাদের সহপাঠী মেধাবী মিমকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু পুলিশ ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। শেখপাড়া বাজারের ব্যবসায়ী আবদুল বারিক জানান, গুলি করে ব্যবসায়ী রাজু আহম্মদকে হত্যার চেষ্টা করা হলেও ওই ঘটনায় কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সাবেক সাংসদ দবির উদ্দিন জোয়ার্দ্দার জানান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিনের ওপর বোমা হামলায় প্রমাণ হয় এই জনপদে কেউ নিরাপদে নেই। যে কারণে শেখপাড়া এলাকার জনপ্রতিনিধিরা রাস্তায় নেমেছেন। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তার ও জনসাধারণের জানমাল রক্ষায় ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা।এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সবগুলো ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে। ইতিমধ্যে ভাইস চেয়ারম্যানের ওপর বোমা হামলার ঘটনায় আমিনুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে।