নিরাপত্তার দাবিতে মামলা করায় গ্রামছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা করার পর আসামিদের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার।মামলা সূত্রে জানা গেছে, জমিজমাসংক্রান্ত বিষয়ে উপজেলা মথুরাপুর ইউনিয়নের রামবল্লভপুর খাদুলি গ্রামের মিলন সরকারে স্ত্রী রওশনারা বেগমকে হুমকি দেন এলাকার সাইফুল ইসলাম। এ ঘটনায় তিনি গত বছরের ৩১ জুলাই সাইফুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা গত বছরের ১৩ আগস্ট রওশনারা ও তাঁর মেয়ে মুক্তা খাতুনকে মারধর করে। পরে তিনি সাইফুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে আবারও মামলা করেন। ধুনট থানার এসআই আবদুস সালাম ১০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এদিকে আসামিরা আদালত থেকে জামিন পাওয়ায় ভয়ে রওশনারা পরিবার নিয়ে নিজ বাড়িতে ফিরতে পারছেন না। সর্বশেষ গত ঈদুল ফিতরের দুদিন আগে তিনি পরিবার নিয়ে বাড়িতে এলে আসামিরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা গ্রামের লোকজনের সহযোগিতায় পালিয়ে যায়। ২৩ আগস্ট রওশনারা জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দাখিল করেন।সাইফুল ইসলাম হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা সামাজিকভাবে তাদের শাসন করায় আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা মামলা করেছে। আমরা তাদের বাড়ি আসতে নিষেধ করিনি।’ ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, রওশনারা বেগমের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। আদালতের নির্দেশনা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।