রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রশিবিরের ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের নিরাপত্তা ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের শাস্তি দেওয়ার দাবিতে গতকাল কলেজ ক্যাম্পাসে শিক্ষক সমিতি মৌনমিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে।পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনোয়ার জাহিদের নেতৃত্বে পুলিশ কলেজের চারপাশের আবাসিক মেসে অভিযান চালিয়ে শিবিরের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ১৬ জন হলেন: ছাত্রশিবিরের রংপুর জেলা শাখার সভাপতি আবু তাহের, মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আলমগীর হোসেন ও মোশতাক আহমেদ, মহানগর অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রকাশনা সম্পাদক আবদুস সালাম এবং সদস্য গোলাম মোর্শেদ, রেজাউল করিম, রুহুল আমিন-১, আবুল হোসাইন, শফিকুল গণি, রফিকুল ইসলাম, নাজমুল হক মোল্লা, আবদুল মোতাকাব্বির, রুহুল আমিন-২, সামসুল হুদা ও সাজেদুল ইসলাম।গতকাল বেলা ১১টার দিকে কলেজ শিক্ষক সমিতির আহ্বানে শিক্ষকদের নিরাপত্তার দাবিতে ক্যাম্পাসে মৌনমিছিল ও মানববন্ধন হয়। এসব কর্মসূচি শেষে এক সমাবেশে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক দিলীপ কুমার রায়, শিক্ষক সৈয়দা সাহারা ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।গত ১৫ মার্চ কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে চারটি ছাত্রাবাস বন্ধ করা হয়। ছাত্রাবাস বন্ধ থাকার পরও ২ জুন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা রাতের আঁধারে ওসমানী ছাত্রাবাসের তালা ভেঙে রড, ইট, পাথর ও জিহাদি বই মজুদ করে রাখেন। কলেজ কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ ১ জুন এসব উদ্ধার করে। এর জের ধরে ৬ জুন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। মঙ্গলবার রাতে অধ্যক্ষের বাসভবন চত্বরে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ নিয়ে প্রথম আলোতে গতকাল ‘এবার অধ্যক্ষের বাসভবন চত্বরে বোমার বিস্ফোরণ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছে।পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা রয়েছে।