নিরাপত্তা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা ধর্মঘটে নেমেছেন। শিক্ষানবিশ চিকিৎসকেরা জানান, গত শনিবার হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এক রোগীর স্বজন এক চিকিৎসকের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন।এ ঘটনার পর তাঁরা পরিচালককে বিষয়টি জানিয়েছেন। ওই দিন পরিচালক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা পরও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার বা তাঁর বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাঁরা বলেন, এখন তাঁদের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের নিরাপত্তার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। কার্ডিওলজি বিভাগের মতো স্পর্শকাতর বিভাগগুলোতে পুলিশ দিতে হবে। চিকিৎসার সুবিধার্থে রোগীর সঙ্গে একজনের বেশি স্বজন থাকতে দেওয়া যাবে না। হাসপাতালে ইসিজিসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতির সরবরাহ নিশ্চিত করতে হবে।হাসপাতাল সূত্রে জানা গেছে, আশ্বাস দেওয়ার পর দাবি পূরণ না করায় গতকাল দুপুর ১২টার দিকে শিক্ষানবিশ চিকিৎসকদের একটি অংশ পরিচালকের কার্যালয়ে ঢোকে। বাকিরা বারান্দা ঘেরাও করে দাঁড়িয়ে থাকেন। ঘণ্টা খানেক তাঁরা কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় পরিচালকের সঙ্গে তাঁদের তুমুল বাগিবতণ্ডা হয়। পরিচালক দাবি পূরণের আশ্বাস দিলেও তাঁরা তাতে সন্তুষ্ট না হয়ে বের হয়ে আসেন। পরে শিক্ষানবিশ চিকিৎসকেরা ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, আসামি গ্রেপ্তার করার দাবি ছাড়া তাদের অন্য সব দাবি অবাস্তব। আবার সেই আসামিকেও তো পেতে হবে। দাবি অনুযায়ী, সব ওয়ার্ডে পুলিশ পাহারা বসানো সম্ভব নয়। তাঁরা সব ওয়ার্ডে ইসিজি মেশিন চান। এটাও দেওয়া সম্ভব নয়।