চট্টগ্রামের ১০টি পৌরসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ২ হাজার ২০০ পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি সদস্য। নির্বাচনের যাবতীয় প্রস্তুতিও শেষ করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হবে।
আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের ১০টি পৌরসভায় ভোটকেন্দ্র ১৩৩টি।
পৌরসভাগুলো হচ্ছে সন্দ্বীপ, মিরসরাই, বারইয়ারহাট, সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী ও সাতকানিয়া। এই ১০টি পৌরসভায় ভোট গ্রহণের জন্য ১৩৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৯১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ৫৮২ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ১০টি পৌরসভায় ভোটারের সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৫৭৫ জন।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে আমরা ব্যালট পেপার ও সামগ্রী বুঝে পাওয়ার পর তা ২৬ ডিসেম্বর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দিয়েছি। সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে। জেলা পুলিশ সুপার আইনশৃঙ্খলার বিষয়টি দেখছেন।’
জানতে চাইলে জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘১৩৩ ভোটকেন্দ্রের জন্য আমরা ২ হাজার ২০০ পুলিশ পাঠিয়েছি। এ ছাড়া ১০ পৌরসভায় আরও ১০ প্লাটুন বিজিবি সদস্য পাঠানো হয়েছে। নির্বাচনের দিন প্রতি পাঁচটি কেন্দ্রের জন্য একটি মোবাইল পুলিশ দল কাজ করবে। বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দেবে।’
এক প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার হাফিজ আক্তার বলেন, ১৩৩টির মধ্যে ১১৪টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র হিসেবে চিহ্নিত। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।