নিরাপত্তার নামে ছাত্রদের হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নিরাপত্তা দেখার নামে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই হলের শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় এক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিতও করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, গত বুধবার রাতে ওই হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের ৮-১০ জন কর্মী হলের বিভিন্ন কক্ষে যান। তাঁরা হলের শিক্ষার্থীদের আবাসিক অবস্থানের কার্ড দেখাতে বলেন। পাশাপাশি অনেক শিক্ষার্থীকে পরে ছাত্রলীগের ওই সব নেতা-কর্মীর কক্ষে গিয়ে দেখা করার নির্দেশও দেন তাঁরা। বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে ডেইলি নিউ এজ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী নাজিম মৃধা ছাত্রলীগের কর্মী হূদয়ের সঙ্গে ক্যাম্পাসে কথা বলতে যান। হূদয় তাঁকে বঙ্গবন্ধু হলের ২২৮ নম্বর কক্ষে দেখা করতে বলেন। রাতে দেখা করতে যাওয়ার আগেই ছাত্রলীগের দুই কর্মী নাজিমকে আহ্বায়ক সেলিম হোসেনের কক্ষে নিয়ে যান। সেখানে সেলিম, সোহেল, হূদয়, দেবসহ ১০-১৫জন নাজিমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া এসব বিষয় নিয়ে পত্রিকায় সংবাদ পাঠালে তাঁর হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়। নাজিম জানান, এ ঘটনায় তিনি শুক্রবার মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নাম প্রকাশ না করে ওই হলের একাধিক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করেন, আবাসিকতা-অনাবাসিকতা যাচাই করার নামে ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। হল ছাত্রলীগের আহ্বায়ক সেলিম হোসেন বলেন, গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন কক্ষে গিয়েছিলেন। এ ব্যাপারে হল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল বলে তিনি দাবি করেন। নাজিমকে লাঞ্ছিত করা এবং হুমকি দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।হলের প্রাধ্যক্ষ এস এ হায়দার বলেন, ছাত্রলীগ এ ব্যাপারে হল কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতি নেয়নি।