নিরাপত্তার নিশ্চয়তা না পেলে যুদ্ধবিধ্বস্ত দেশে জনশক্তি রপ্তানি নয়
নিরাপত্তার নিশ্চয়তা না পেলে যুদ্ধবিধ্বস্ত দেশে সরকার জনশক্তি রপ্তানি করবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কারস এডুকেশন (এনসিসিডব্লিউই) যৌথভাবে ‘অসংগঠিত খাতের শ্রমকিদের সংগঠিতকরণ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আফগানিস্তানে আটক বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার জন্য সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। সোমালিয়ায় জলদস্যুদের হাতে আটক ২৬ বাংলাদেশি নাগরিকের মুক্তির বিষয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আটক নাবিকদের মুক্তির জন্য সরকার সর্বশক্তি নিয়োগ করেছে। নাবিকেরা জলদস্যুদের হাতে জিম্মি এবং তারা নাবিকদের সঙোগ হিংস্র আচরণ করছে। সে কারণেই খুবই সতর্কতার সঙ্গে সরকার এগোচ্ছে।গৃহকর্মীদের স্বার্থরক্ষায় সরকার একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের অনেকেই অসংগঠিত এবং অসচেতন। তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের পাশাপাশি প্রতিনিধিত্বশীল সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। শ্রমিকদের স্বার্থরক্ষায় ২০০৬ সালের শ্রম আইন আরও যুগোপযুগী করার কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিসিডব্লিউইয়ের সভাপতি আবু জাফর, শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল হক, আইএলওর আবাসিক প্রতিনিধি আন্দ্রে বুগি ও এনসিসিডব্লিউইয়ের সদস্য ওয়াজেদুর ইসলাম।