নিরাপত্তার ফাঁকফোকর শুধরে নিতে আজ ও কাল মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের খেলা চলছে জহুর আহমেদ বিভাগীয় স্টেডিয়ামে। হঠাৎ গ্যালারিতে বিকট শব্দে বোমার বিস্ফোরণ। দর্শকদের দিগ্বিদিক ছোটাছুটির মধ্যে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটে এসে প্রথমে দুই দলের খেলোয়াড়দের ঘিরে তৈরি করলেন নিরাপত্তা দেয়াল। তারপর তাঁদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ জায়গায়। খেলার মাঠে বোমা হামলার খবর পেয়ে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে হালিশহর আর্টিলারি সেন্টার থেকে ছুটে আসেন সেনাবাহিনীর কমান্ডো আর প্যারাকমান্ডোরা। হেলিকপ্টার থেকে রশি বেয়ে তাঁরা ঝপাঝপ নেমে পড়েন খেলার মাঠে। বোমার বিস্ফোরণ থেকে লাগা আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অ্যাম্বুলেন্স নিয়ে আসা চিকিৎসক ও সেবিকারা নেমে পড়েন আহতদের সেবা দিতে আর হাসপাতালে পাঠাতে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে এ রকম দৃশ্য দেখা যাবে। ক্রিকেট বিশ্বকাপে ১১ ও ১৪ মার্চ এই স্টেডিয়ামে বাংলাদেশের সঙ্গে যথাক্রমে ইংল্যান্ড ও হল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলছে। বৃহস্পতি ও শুক্রবার এই নিরাপত্তাব্যবস্থার মহড়া চলবে। আজ বিকেলে নগরের পেনিনসুলা হোটেলেও একই ধরনের মহড়া হবে। হোটেল থেকে মাঠে যাওয়ার পথে সড়কে খেলোয়াড়বাহী বাস সন্ত্রাসী হামলা কিংবা দুর্ঘটনায় পড়লে কীভাবে রক্ষা করা হবে, তার মহড়া চলবে কাল রোববার। জাকির হোসেন রোডের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির সামনের রাস্তায় এই মহড়া অনুষ্ঠিত হবে। নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘দুই দিনের খেলায় খেলোয়াড়, দর্শক, নগরবাসী এবং সংশ্লিষ্ট সবাইকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত।’