নিরাপত্তার বিষয়ে আইনজীবী সমিতি জিরো টলারেন্স দেখাবে
সুপ্রিম কোর্টের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জিরো টলারেন্স দেখাবে। এটিসহ নিরাপত্তার স্বার্থে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরে সমিতির সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার জন্য অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে চিঠি পাঠানো হয়।
সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
১২ জানুয়ারি সমিতির সভায় নেওয়া সিদ্ধান্ত তুলে ধরে সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন বলেন, সভায় এজলাসে বোমা পাওয়ায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে আইনজীবী সমিতি জিরো টলারেন্স দেখাবে। নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অনুসরণ করার সিদ্ধান্ত হয়। সুপ্রিম কোর্ট অঙ্গন ও আইনজীবী সমিতি ভবন এলাকায় আরও সুদৃঢ় নিরাপত্তা বিধানের জন্য অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, সমিতির সাবেক সভাপতি-সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নিয়ে যৌথ বিশেষ জরুরি সভা করা হবে বলেও জানান তিনি।
খন্দকার মাহবুব বলেন, ‘দুঃখের ব্যাপার, অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের এই বিষয়টিকে সুপ্রিম কোর্টের নিরাপত্তাজনিত ঘটনা না দেখে উনি এটাকে রাজনৈতিক একটি ব্যাপার তুলে ধরেছেন। তিনি বলেছেন, জঙ্গিরা অথবা যাঁরা অবরোধ করছেন, তারা এ ধরনের ঘটনা করতে পারেন। আমি উল্টো বলতে চাই, গত পরশু দিন রাতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বাড়িতে এবং সুপ্রিম কোর্টের নির্বাচিত সভাপতির বাড়িতে যারা বোমা হামলা করেছেন, তারাই এ ঘটনা করেছেন, তখন অ্যাটর্নি জেনারেল কী বলবেন? সে যা–ই হোক সুপ্রিম কোর্টের কোনো রকম নিরাপত্তা বিঘ্ন হোক, এটি আমরা চাই না। চাই না বলেই সভা করে আমরা নিরাপত্তামূলক কতগুলো সিদ্ধান্ত নিয়েছি।’
শুরুতে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সুপ্রিম কোর্ট জাতীয় ঐতিহ্যের প্রতীক। আমরা চাই না, সর্বোচ্চ আদালতের নিরাপত্তা বিঘ্নিত হোক। প্রাণের বিনিময়ে হলেও নিরাপত্তা রক্ষা করব। এখানে গত পরশু দুটি এজলাসে বোমাসদৃশ জিনিস পাওয়া গেছে। এটা কত কষ্টদায়ক। এটা সুপ্রিম কোর্টের মর্যাদাকে ও ঐহিত্যকে ক্ষুণ্ন² করার জন্য ষড়যন্ত্র ছাড়া কিছু না। ...এই ঘটনা আমাদের সবার জন্য সতকর্তা।’ তিনি বলেন, ‘ফজলুল হকের আমল থেকে এখানে গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে এবং আন্দোলন হবে। আমরা চাই, মুক্ত মতপ্রকাশের একটা আঁধার হবে সুপ্রিম কোর্ট। ধর্মীয়, রাজনৈতিকও আইনগত মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার থাকবে।’
সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি রফিকুল ইসলাম মেহেদী, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ সায়ীদ, জ্যেষ্ঠ সহসম্পাদক নাসরিন আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
সিদ্ধান্তে বলা হয়, যেসব আইনজীবী হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পিপুলেজ (শিক্ষানবিশ হিসেবে) করবেন, তাদের অবশ্যই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পিপুলেজ রেজিস্ট্রেশন করতে হবে। সমিতি হতে ইস্যু করা ব্যাজ ও পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পরিচয়পত্র ছাড়া কোনো জুনিয়র আইনজীবী এবং লাইসেন্সবিহীন কোনো অ্যাডভোকেটস ক্লার্ক যেন কোর্ট অঙ্গনে প্রবেশ করতে না পারেন, তার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।