নিরাপত্তার বিষয়ে জনমনে কিছু ভীতি সঞ্চারিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাংসদ রফিকুল ইসলাম বলেছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে নিরাপত্তার বিষয়ে জনমনে কিছুটা ভীতি সঞ্চারিত হয়েছে এবং তারা নিরাপত্তার অভাব বোধ করছে বলে মনে হচ্ছে। মানুষ নিজেদের সত্যি নিরাপদ বোধ করছে কি না, তা দেখতে হবে।’জাতীয় সংসদে গতকাল সোমবার রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রফিকুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে দেশের উন্নয়নের ধারা শ্লথ। দুই বছরের মধ্যে উন্নয়নকাজ শেষ না করলে আমাদের জনগণের কাছে যেতে কষ্ট হবে। আগের সরকার বিদ্যুৎ খাতকে ধ্বংস করে গেছে। কিন্তু এখন অতীতের দিকে তাকিয়ে লাভ নেই। বিদ্যুতের লাইন সম্প্রসারণ করতে হবে, উৎপাদন বাড়াতে হবে।’সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের আয় বেড়েছে সত্য, কিন্তু তার পরও জিনিসপত্রের দাম বাড়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে।সরকারদলীয় আরেক সাংসদ আবদুর রহমান বলেন, ‘পুঁজিবাজার বুঝি না বললে চলবে না। সরকারকে অবশ্যই পুঁজিবাজার বুঝতে হবে। না বুঝলে বিশ্বব্যাংকের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ পুঁজিবাজার শিল্পায়নে পুঁজির জোগান দেয়। ২০১০ সালে বাজার যখন ঊর্ধ্বমুখী, তখন তিতাস, ডেসকোর ৮০ শতাংশ শেয়ার সরকারের হাতে ছিল। এর ২০ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হলেও ১৭ হাজার কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহ করা যেত। এই টাকায় পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।’ তিনি ধান, পাট, রসুন, আলু, পেঁয়াজের দাম কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, যুদ্ধাপরাধীরা বাংলাদেশ নামক গাড়ির প্লাগের ময়লা। এই ময়লা পরিষ্কার করতে হবে। তিনি বলেন, ‘বরিশালে খাসজমি থেকে মানুষ উচ্ছেদ করে বানরের অভয়াশ্রম করা হচ্ছে। বলি, সরকারকে কারা এসব তুঘলকি বুদ্ধি দিচ্ছে?’ তিনি আরও বলেন, ‘কোথায় যেন হালকা কুয়াশার মতো অহংকার দেখতে পাচ্ছি। অহংকার আমাদের জন্য ভালো হবে না।’জাতীয় পার্টির হাফিজউদ্দিন সরকারি কর্মচারীদের চাকরির মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে বলেন, ‘এর এমন কী দরকার ছিল?’আলোচনায় আরও অংশ নেন সৈয়দ মহসীন আলী, ফজিলাতুন্নেছা ইন্দিরা, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুল মান্নান, মেরাজউদ্দিন মোল্লা, সোলায়মান জোয়ারদার, শাহিদা তারেখ প্রমুখ। এরপর সংসদের অধিবেশন আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।