নিরাপত্তার শঙ্কায় লাঠি-বাঁশি রাখছেন তাঁতীবাজারবাসী
বাবরি মসজিদ ও রামমন্দির নিয়ে ভারতে দাঙ্গার জের ধরে ১৯৯০-৯১ সালে রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজার ও তাঁতীবাজার এলাকায় হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। নিজেদের রক্ষায় একত্র হয়েছিল এলাকাবাসী। ঘরে ঘরে গড়ে উঠেছিল প্রতিরোধ। ২০০১ সালের নির্বাচনের পরও ঘটেছিল এমন ঘটনা। এবার আবারও যেন এমন পরিস্থিতি ঘনিয়ে এসেছে।
গতকাল বুধবার তাঁতীবাজার এলাকায় গিয়ে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে এমন অবস্থার কথাই জানা গেছে।
চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামালার ঘটনায় আতঙ্কিত পুরান ঢাকার তাঁতীবাজারবাসী নিজেরাই নিজেদের নিরাপত্তা রক্ষায় তৎপর হচ্ছে। এ জন্য প্রাথমিক উদ্যোগ হিসেবে দোকান ও বাড়িতে লাঠি-বাঁশি রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল দুপুরে দেখা যায়, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হামলা ও লুটপাটের আশঙ্কায় তাঁতীবাজার মন্দির, বিপণিবিতান, সোনার দোকান ও বাসাবাড়িতে এবং নিজেদের নিরাপত্তা রক্ষার্থে লাঠি-বাঁশি রাখা নিয়ে কথা হচ্ছে। অনেকে ইতিমধ্যে লাঠি-বাঁশি ছাড়া সতর্কতা সংকেত জানাতে ঘণ্টা কিনে বাসা, দোকান ও মার্কেটগুলোতে মজুত রেখেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, তাঁতীবাজার এলাকায় ছোট-বড় ২২টির মতো বিপণিবিতানে পাঁচ শতাধিক সোনার দোকান রয়েছে। বহুতল আবাসিক ভবনও ৩০টির মতো। এ ছাড়া রয়েছে ছোট ছোট বাসাবাড়ি, যেখানে প্রায় অর্ধলক্ষ লোকের বসবাস।
এলাকাবাসী বলেন, ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা সাম্প্রদায়িক বিষয় উসকে দিয়ে সোনার দোকান ও বাসাবাড়িতে লুটপাটের চেষ্টা করতে পারে। এ জন্য সংগঠিত হচ্ছেন তাঁরা।
এলাকার বাসিন্দা সত্য নারায়ণ সরকার প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানের মতো সুযোগসন্ধানী দুর্বৃত্তরা তাঁতীবাজার এলাকায়ও হামলা চালাতে পারে। লুটপাট চালাতে পারে সোনার দোকানে। তাই দোকানপাট ও ঘরে ঘরে লাঠি-বাঁশি রাখার সিদ্ধান্ত।
৭৫ নম্বর তাঁতীবাজারের আল্পনা গোল্ড মিউজিয়ামের মালিক মো. শাহীন জানান, ‘তাঁতীবাজার এলাকার বাসিন্দাদের মধ্যে ৭০ শতাংশ হিন্দু সম্প্রদায়ের, অন্যরা মুসলমান। সবাই সহমর্মী। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।’
জগন্নাথ জিউ ঠাকুর মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও আহ্বায়ক বাবুল দাস বলেন, ‘আমরা কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ বুঝি না। চলমান রাজনৈতিক অস্থিরতায় আমরা আতঙ্কিত। এমনিতেই সোনার দোকানগুলোতে মাঝে মাঝে ছিনতাই-ডাকাতির ঘটনা ঘটে। ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে হাজী মার্কেটে কিছুদিন আগে ডাকাতির ঘটনা ঘটেছে। এখন সতর্ক না হলে চলবে না।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, তাঁতীবাজার এলাকার নিরাপত্তার বিষয়টি এলাকাবাসী অবহিত করেনি।
তবে শাঁখারীবাজার ও তাঁতীবাজার এলাকায় কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।